অটোরিকশার ধাক্কায় ফল ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

অটোরিকশার ধাক্কায় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ীর নাম মো. আবুল কালাম (৫৭)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিন উদ্দিন বাজারে আবুল কালামের ফল বিক্রির একটি দোকান আছে।

পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি অটোরিকশা পেছন দিক থেকে একটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশায় থাকা যাত্রী ফল ব্যবসায়ী আবুল কালাম ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁঞা জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে আনার পথেই মারা গেছেন।
নিহত ব্যক্তির ছোট ভাই মাইন উদ্দিন জানান, আবুল কালাম আজ সকালে ফল কিনতে ফেনী শহরের মহিপাল এলাকায় অবস্থিত ফলের আড়তে যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে দুর্ঘটনায় এক ফল ব্যবসায়ীর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।