অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত শিক্ষার্থী আজিজুল হক
ছবি: সংগৃহীত

অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. আজিজুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

আজিজুলের সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্লাস শেষে মেসে যাওয়ার জন্য আইবিএ ভবনের সামনে ঢাকা–রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন আজিজুল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে আঘাত পান। তাঁকে উদ্ধার করে সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সিটি স্ক্যান করার জন্য তাঁকে নগরের একটি রোগনির্ণয় কেন্দ্রে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ফ ম আ জাহিদ বলেন, দুর্ঘটনায় ওই শিক্ষার্থীর মারাত্মক কোনো ক্ষতি হয়নি। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন ভালো আছেন। তবে মাথায় আঘাত পাওয়ার কারণে সিটি স্ক্যান করতে বলা হয়েছে।