অটোরিকশার ধাক্কায় সাবেক কাউন্সিলরের মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সাবেক কাউন্সিলর ও বিএনপিনেতা গিয়াস উদ্দিনের জানাজা শেষে লাশ নিয়ে বিক্ষাভ করেন দলটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নগরের সদর রোডে
ছবি: প্রথম আলো

গ্রাম থেকে নগরের রূপাতলী বাসস্ট্যান্ডে আসা এক রোগীকে মিথ্যা তথ্য দিয়ে জর্ডন রোডে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক। এ সময় ওই রোগীর সঙ্গে তর্ক হয় দালাল হিসেবে কাজ করা ওই অটোচালকের। একপর্যায়ে সেখানে উপস্থিত হন নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন ওরফে বাবুল মোল্লা (৬২)।

তিনি ওই দালালকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা বলে তাঁর অটোরিকশা হাত দিয়ে ধরে রাখেন। এ সময় চালক অটোরিকশা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় ধাক্কা লেগে গিয়াস উদ্দিন ছিটকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল বুধবার দুপুরের এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বিএনপির বরিশাল মহানগরের নেতারা। এতে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করে আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে জানাজা শেষে গিয়াস উদ্দিনের লাশ নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

জানাজার আগে মহানগর বিএনপি সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, ডায়াগনস্টিক সেন্টারটির মালিক, কর্মচারী ও দালালদের কারণে গিয়াস উদ্দিন নিহত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাঁর হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান, জেলা বিএনপি আহ্বায়ক মজিবুর রহমান, মহানগর বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, শাহ্ আমিনুল ইসলাম প্রমুখ।

গিয়াস উদ্দিনের ‘হত্যাকারীদের’ গ্রেপ্তারের দাবিতে দলীয়ভাবে আগামী শনিবার মানববন্ধন, দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত, সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন গিয়াস উদ্দিনের বড় ভাই কালাম মোল্লা।

তিনি প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে তাঁর ভাই সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন জর্ডন রোডের পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় তাঁর ভাড়া ফ্ল্যাটে আসছিলেন। ভবনটির নিচতলায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেখানে এক রোগীর সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের দালাল এক অটোরিকশাচালকের বাদানুবাদ শুনে তাঁর ভাই দাঁড়ান। তিনি জানতে পারেন যে ওই রোগীকে মিথ্যা তথ্য দিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়েছে।

কালাম মোল্লা আরও বলেন, এ সময় অটোরিকশাচালকের সঙ্গে তাঁর ভাইয়ের তর্ক হয়। একপর্যায়ে ডায়াগনস্টিক সেন্টারটির মালিকের নির্দেশে অটোরিকশা দিয়ে গিয়াস উদ্দিনকে ধাক্কা দেন চালক। এ সময় অপর এক ব্যক্তি লাঠি দিয়ে তাঁর ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।