অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আজ রোববার মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মোটরসাইকেলের চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরোহীও।
উপজেলার কাঁঠাল নতুন ব্রিজের কাছে সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হৃদয় (২১)। তিনি গোমস্তাপুর উপজেলার কাশিপুর গ্রামের মোবেল উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির নাম অনীক (১৯)। তাঁর বাড়ি উপজেলার ফকিরপাড়া এলাকায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, হৃদয় মোটরসাইকেল করে রহনপুর যাচ্ছিলেন। পথে সকাল নয়টার দিকে কাঁঠাল নতুন ব্রিজের কাছে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের পেছনের চাকা ফেটে যায়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সিএনজিচালিত একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই হৃদয় মারা যান।
স্থানীয় লোকজন অনীককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ হৃদয়ের লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।