অটোরিকশায় হুইলচেয়ারে বসে টিকা নিলেন শয্যাশায়ী শিক্ষক
অসুস্থতার কারণে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক দেলোয়ারা বেগম (৬৪) চলাফেরা করতে পারেন না। কোলে নিয়ে কোথাও বসানো হলে বসতে পারেন। সেই সঙ্গে তাঁর চোখেরও সমস্যা আছে। পাঁচ–ছয় ফুট দূরের কিছুও দেখতে পারেন না। তিনি হুইলচেয়ারে বসে ব্যাটারিচালিত অটোরিকশায় করে টিকা নিতে আসেন।
অটোরিকশায়ই হুইলচেয়ারে বসেছিলেন দেলোয়ারা বেগম। পরে সেখানে এসেই একজন স্বাস্থ্যকর্মী তাঁকে টিকা দেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর সিটি করপোরেশন এলাকার মুন্সিপাড়ায় কেরামতিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দেলোয়ারার সঙ্গে থাকা ছেলে তাকাদ্দাসাত সুজন জানান, তাঁর মা দীর্ঘদিন থেকে অসুস্থ। চলাফেরা করতে পারেন না। পুরোদমে বিছানায় শয্যাশায়ী। বিছানায় প্রাকৃতিক কাজও সারতে হয়। এমন অবস্থাতেও তিনি (শিক্ষক) তাঁর ছেলের সঙ্গে ছুটে আসেন টিকাকেন্দ্রে।
টিকা দেওয়ার সময় তাঁর ছেলে তাকাদ্দাসাত বলেন, ‘যখন শুনলাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে করোনার টিকা দেওয়া হবে। কিন্তু নিবন্ধন করা লাগবে না। শুধু নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র। একটি মোবাইল ফোন নম্বর লাগবে। এ কারণে মাকে নিয়ে এলাম।’ তিনি আরও বলেন, টিকা দেওয়া কার্যক্রম খুব সুন্দরভাবে হয়েছে। কেননা ওয়ার্ড কাউন্সিলর বাড়ি বাড়ি খোঁজ নিয়ে বয়স্ক ও অসুস্থ মানুষদের টিকা দেওয়ার জন্য একটি কার্ড দিয়ে যান। ফলে তেমন কোনো ভোগান্তি আর দুর্ভোগও হয়নি।
সরেজমিন দেখা যায়, কেরামতিয়া উচ্চবিদ্যালয়, নিউ জুম্মাপাড়া প্রাথমিক বিদ্যালয়, গুটিঘর প্রাথমিক বিদ্যালয়, মুলাটোল উচ্চবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চবিদ্যালয়সহ আরও কিছু কেন্দ্রে করোনাভাইরাসের গণটিকা দিতে মানুষের ব্যাপক ভিড়। মানুষের সচেতনতাও বেড়ে গেছে। সবার মুখে ছিল মাস্ক। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা নিতে নারী–পুরুষের দীর্ঘ লাইন দেখা যায়। তবে প্রবীণ ও বয়স্ক মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোন্তাছির শামীম বলেন, ‘আমার ওয়ার্ডে ৬০০ জন টিকা দিতে পারবেন। তবে এলাকার প্রবীণ ও যাঁরা চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কার্ড দেওয়া হয়েছিল। সেই সঙ্গে স্কুলঘরে বেঞ্চের ব্যবস্থা ছিল। যাতে কাউকে কষ্ট ভোগ করতে না হয়। বেলা তিনটা পর্যন্ত মানুষ লাইন ধরে ৬০০ জনই টিকা দিয়েছেন। টিকা দেওয়ার ক্ষেত্রে এই সিস্টেম ভালো মনে করি।’
জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, জেলার ৮৩টি ইউনিয়নে সিনোফার্মার এবং সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মডার্নার টিকা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৬০০ জনকে এই টিকা দেওয়া হয়।
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা দেওয়ার জন্য মানুষের ভিড় দেখে মনে হয়েছে টিকার উৎসব চলছে। আশা করি আগামী দিনেও সুশৃঙ্খলভাবে টিকা দেওয়া যাবে। এভাবে টিকা দেওয়া হলে খুব অল্প সময়ের মধ্যে দেশের বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।’