অতিরিক্ত টোলের হয়রানি

মোটরসাইকেল, রিকশা ভ্যান টোল আদায়ের আওতামুক্ত। কিন্তু এসব যান থেকেও টোল নিচ্ছেন ঠিকাদারের লোকজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-নাকাই-গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ সেতু দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের কাছে থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টোল। যেসব যানবাহন থেকে টোল আদায়ের কথা না, সেগুলো থেকেও টাকা নেওয়া হচ্ছে। এতে বিভিন্ন যানবাহনের চালক হয়রানির শিকার হচ্ছেন।

টোল আদায়কারী ব্যক্তি ও ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন এ সেতু দিয়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ যান চলাচল করে। গত সাত দিন বিভিন্ন সময় সেতু এলাকায় অবস্থান করে দেখা গেছে, যানবাহনপ্রতি ৫ থেকে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। টোল আদায়কারী শফিকুল ইসলাম ও ঠিকাদারের অংশীদার ফারুক হোসেন বলেছেন, এত সংখ্যক যান থেকে নির্ধারিত টোল বাবদ প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা সংগ্রহ হয়।

মোটরসাইকেল, রিকশা ভ্যান টোল আদায়ের আওতামুক্ত। গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, প্রতিবার পারাপারের জন্য ট্রলি ১১৫, ভারী ট্রাক ১০০, মাঝারি আকারের ট্রাক ৫০ ও বড় বাস থেকে ৪৫ টাকা টোল আদায়ের নিয়ম। এ ছাড়া মিনি ট্রাক-ট্রলি ৪০, পাওয়ার টিলার-ট্রাক্টর ৩০, মিনিবাস-কোস্টার ২৫, মাইক্রোবাস ২০, পিকআপ, কনভারশনকৃত জিপ, বেকার-ক্রেন ২০ ও সিডান কারের নির্ধারিত টোল ১৫ টাকা।

বড়দহ সেতুটি গোবিন্দগঞ্জের নাকাই ও হরিরামপুর ইউনিয়নের সীমানায়। সেতু এলাকায় অবস্থান করে দেখা গেছে, ট্রলিপ্রতি ১৩০-১৪০, ভারী ট্রাক ১২০-১৫০, মধ্যম ট্রাক ৭০-৮০, বড় বাস ৭৫-৮০, মিনি ট্রাক-ট্রলি ৫০-৬০, পাওয়ার টিলার-ট্রাক্টর প্রতি ৪০-৫০ টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া মিনিবাস-কোস্টার ৩৫-৪৫, মাইক্রোবাস ৩০-৩৫, পিকআপ, কনভারশনকৃত জিপ, বেকার-ক্রেন ৩০-৪০, সিডান কার থেকে টোল নেওয়া হচ্ছে ২৫-৩০ টাকা।

গাইবান্ধা সওজ বিভাগ সূত্রে জানা গেছে, কোনো সেতুর দৈর্ঘ্য ২০০ মিটারের বেশি হলে তা টোলের আওতায় পড়ে। সেতুটির দৈর্ঘ্য ২৫৩ মিটার। ২০১৯ সালের জানুয়ারিতে সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ে দরপত্র আহ্বান করা হয়। দায়িত্ব পান গাইবান্ধা সওজের তালিকাভুক্ত ঠিকাদার শহিদুল ইসলাম। পরে তাঁর কাছ থেকে টোল আদায়ের দায়িত্ব নেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান সাজু খন্দকার।

গতকাল শনিবার সকালেও সেতু এলাকায় অবস্থান করেন এই প্রতিবেদক। এ সময় সেতুর পূর্ব পাশে দাঁড়িয়ে টোল আদায় করছিলেন তিনজন। টাঙানো ছিল না নির্ধারিত টোলের তালিকা। কোনো যানবাহন আসামাত্রই তাঁরা বাঁশ দিয়ে আটকান। সেখানে টোল জমা দেওয়ার পর খানিক দূরে কথা হয় কয়েকজন চালকের সঙ্গে।

নাকাই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক আজাদুল ইসলাম বলেন, সকালবেলা ভাড়া হয় না। সে সময় সেতু পারাপার হতেও টোল দিতে হয়। টাকা না দিলে আদায়কারীরা গালিগালাজ করেন। একই গ্রামের অটোরিকশাচালক খাজা মিয়া বলেন, টোলের আওতামুক্ত হলেও প্রতিবার অটোরিকশা পারাপারের জন্য পাঁচ টাকা করে নেওয়া হয়। গোবিন্দগঞ্জের হরিরামপুর গ্রামের ট্রাক্টরচালক মিল্লাত হোসাইন বলেন, ট্রাক্টর পারাপারের জন্য সরকার ৩০ টাকা টোল নির্ধারণ করেছে। অথচ নেওয়া হচ্ছে ৪০-৫০ টাকা। প্রতিবাদ করলে আদায়কারীরা চালককে গালিগালাজ ও মারধর করেন।

বড়দহ সেতুর টোল আদায়কারী শফিকুল ইসলাম নামের একজন বলেন, ঠিকাদারের নির্দেশ অনুযায়ী তিনি টোল আদায় করেন। এর বাইরে তাঁর কিছু করার থাকে না। চালকদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি।

আর ঠিকাদার সাজু খন্দকার প্রথম আলোকে বলেন, সরকার নির্ধারিত হারেই টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেল, রিকশা ভ্যান থেকেও টোল নেওয়া হয় না। টোল আদায়ের দায়িত্ব না পাওয়া তাঁর প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে।

এই সেতুতে টোল আদায় বন্ধে গঠিত হয় বড়দহ সেতু টোল মওকুফ বাস্তবায়ন কমিটি। কমিটির উদ্যোগে মানববন্ধন, সড়ক অবরোধ, সভা-সমাবেশ হয় বিভিন্ন সময়। কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ১৯৯৭ সালে সেতুর নির্মাণকাজ শুরু হয়। তখন এর দৈর্ঘ্য ছিল ১৪৮ মিটার। কিন্তু সওজ বিভাগের কাজের দীর্ঘসূত্রতার করণে নদী ভেঙে সেতুর দৈর্ঘ্য ২৫৩ মিটারে দাঁড়িয়েছে। ১৮ বছরে সেতুর কাজ সম্পন্ন হয়েছে। ফলে দরিদ্র মানুষকে আইনের ফাঁকে পড়ে টোল দিতে হচ্ছে।

এসব বিষয়ে গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগটি তদন্ত করে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।