ভর্তির সময় নেওয়া অতিরিক্ত ফি অভিভাবকদের ফেরত দিতে চট্টগ্রাম নগরের ৪৬টি স্কুলে প্রচারণা শুরু করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। প্রতিষ্ঠানটির সদস্যরা গতকাল শনিবার নগরের ১৩টি স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন। ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত ফি ফেরত কিংবা সমন্বয় করার জন্য জেলা প্রশাসন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে আগেই নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসনের পাঁচটি তদারকি কমিটি সম্প্রতি সরেজমিনে স্কুল পরিদর্শন করে ৪৬টির বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পায়।
গতকাল ক্যাব সদস্যরা সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়, কাজেম আলী উচ্চবিদ্যালয়, মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বেপজা স্কুল অ্যান্ড কলেজ, ইস্টার্ন রিফাইনারি মডেল উচ্চবিদ্যালয়, টিএসপি কমপ্লেক্স মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি স্কুলে যান এবং অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের কাছে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্রে ভর্তি ফির সরকারি নীতিমালা উল্লেখ রয়েছে।
ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন ২৩ ফেব্রুয়ারির মধ্যে ৪৬ স্কুল কর্তৃপক্ষকে অতিরিক্ত ফি সমন্বয় বা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের আলোকে সংশ্লিষ্ট স্কুলগুলোতে অভিভাবকদের সঙ্গে কথা বলা শুরু করেছে ক্যাব। তাঁদের বলা হয়েছে, সরকারের ভর্তি নীতিমালা অনুযায়ী তিন হাজার টাকার বেশি ফি নেওয়া যাবে না। কিন্তু ৪৬টি স্কুল সরকারের নীতিমালা না মেনে অতিরিক্ত ফি নিয়েছে। সেই ফি ফেরত নিতে অভিভাবকদের তাগাদা দেওয়া হয়েছে।
গত ১৭ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদারকি কমিটি সরেজমিনে বিভিন্ন স্কুল পরিদর্শন করে। তদারকি কমিটি বাড়তি ফি নেওয়া ৪৬টি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে। এরপর ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে আরেকটি সভা হয়। ওই সভায় অতিরিক্ত ফি নেওয়া স্কুলগুলোকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দিতে হবে অথবা সমন্বয় করার জন্য বলা হয়েছে।
চট্টগ্রাম নগর ছাত্রলীগ কার্যত অতিরিক্ত ফি নেওয়া স্কুলগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ছাত্রলীগ নগরের পাঁচটি পয়েন্টে অভিযোগ বাক্স স্থাপন করে। সেখানে ১১৫টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তদারকি কমিটির সদস্যরা ৪৬টি স্কুলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ফি ফেরত বা সমন্বয় না করলে ছাত্রলীগ আবার মাঠে নামবে।