অধিকার আদায়ের আন্দোলন ষড়যন্ত্র নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশের আগে নগরের ডিসি হিল থেকে একটি মিছিল বের হয়ে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়
ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মাহফুজুর রহমান বলেছেন, মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীর জন্য পুরো পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসপ্রবণ কিংবা বাসিন্দাদের সন্ত্রাসী বলা উচিত নয়। যখনই পার্বত্য চট্টগ্রামে কোনো অধিকারের আন্দোলন হয়, তখন অপবাদ দেওয়া হয় অঞ্চলটিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। রবারবাগানের নামে কেড়ে নেওয়া ভূমি ম্রো ও ত্রিপুরাদের ফেরত দেওয়া হোক।

বান্দরবানের লামায় ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ শুক্রবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত সমাবেশে মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। সমাবেশে ক্ষতিগ্রস্ত ম্রো ও ত্রিপুরা পরিবারের কয়েকজন সদস্য এবং চট্টগ্রামে অবস্থানকারী বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের তরুণ–তরুণীরা অংশ নেন। চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশের আগে নগরের ডিসি হিল থেকে একটি মিছিল বের হয়ে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশ থেকে ম্রোদের বনভূমি পুড়িয়ে দেওয়ার মূল হোতা লামা রবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ভূলন ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য দেন নিপীড়নবিরোধী আইনজীবী মঞ্চের যুগ্ম সম্পাদক বিষুময় দে, পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা, সমাবেশে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর পক্ষে ভিক্তিম লাংকম ম্রো, জয়চন্দ্র ত্রিপুরা, বেলুয়া ম্রো, সংলে ম্রো ও রঙ্গজন ত্রিপুরা। সঞ্চালনা করেন অংকন চাকমা।

মাহফুজুর রহমান বলেন, প্রতিনিয়ত সমতলে অনেক সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। কিন্তু মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীর জন্য পুরো পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসপ্রবণ আখ্যা দেওয়া হয়। এটা সব জাতিসত্তার বাংলাদেশ। নিজ নিজ জাতিসত্তা নিয়ে বাংলাদেশে বাস করার অধিকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রয়েছে।

ম্রো ও ত্রিপুরাদের ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রকৃতি ধ্বংস করে কোনো প্রকল্প হবে না। কিন্তু লামায় রবারবাগানের জন্য বন পুড়িয়ে দেওয়া হলো। এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সমাবেশে ভূলন ভৌমিক বলেন, ‘পাহাড়ের ন্যায়সংগত আন্দোলনকে দমানোর জন্যই সরকার প্রশাসন বাহিনী চাঁদাবাজ-সন্ত্রাসীসহ বিভিন্ন তকমা লাগিয়ে দিচ্ছে।

বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ এবং সন্ত্রাসী হচ্ছে সরকারের নেতা–কর্মী ও পুলিশ প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী মতের ওপর হামলার সময় আমরা দেখেছি ছাত্রলীগের কর্মীরা কীভাবে পুলিশের সামনে রাইফেলের গুলি চালিয়েছে।’

লামার ম্রো এবং ত্রিপুরা জনগোষ্ঠীদের তিনি বলেন, ‘সে ভূমি আপনাদের। দয়া বা ভিক্ষার নয়। আপনার অধিকার, আন্দোলনের মধ্য দিয়ে এটি কেড়ে নিতে হবে।’
ভুক্তভোগী রঙ্গজন ত্রিপুরা বলেছেন, ‘আমরা আমাদের জীবন দেব, তবু আমাদের ৪০০ একর ভূমি কেড়ে নিতে দেব না। জেলা প্রশাসন হতে লামা রবার ইন্ডাস্ট্রির লোকেরা যে ইজারা নিয়েছে তার কোনো বৈধ্যতা নেই।’

২৬ এপ্রিল লামায় ম্রো ও ত্রিপুরাদের জুম ভূমি ও বনভূমিতে আগুন ধরিয়ে দেয়। রবার কোম্পানির লোকজন এ ঘটনা ঘটায় বলে অভিযোগ।