অধ্যক্ষ মাজেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাৎ ও নিয়োগ–বাণিজ্যের অভিযোগ এনে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ মামলাটি করেন।
দুদক রংপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, অধ্যক্ষ মাজেদ আলী খান অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে শিক্ষক হিসেবে মমিনুল ইসলাম খান, শফিকুল ইসলাম ও মমিনুল হককে নিয়োগ দিয়েছেন। অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করেছেন। তিনি দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি সরকারি হিসেবে গেজেটভুক্ত হয়। কলেজটির একাধিক সূত্র জানায়, ২০২০ সালের ২৭ আগস্ট ওই কলেজের পাঁচজন শিক্ষক অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে ৪৬ লাখ ৩৬ হাজার ৭৩৯ টাকা আত্মসাৎ, শিক্ষক নিয়োগে জালিয়াতি, টাকা আদায়সহ অনিয়ম–দুর্নীতির সুনির্দিষ্ট ১০টি অভিযোগ এনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ২১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেন। এই কমিটিতে ছিলেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক মো. ওমর ফারুক ও সহকারী পরিচালক মো. আনোয়ার পারভেজ। কমিটি বিষয়টি তদন্ত করে অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে আনীত ১০টি অভিযোগের মধ্যে ৯টির সত্যতা পায়।
কমিটির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৮৫ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। বিধি অনুযায়ী এমপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী কলেজ তহবিল থেকে অতিরিক্ত কোনো ভাতা বা সম্মানী গ্রহণ করতে পারেন না। কিন্তু অধ্যক্ষ মাজেদ নিজের সম্মানী ভাতা হিসেবে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলেজ তহবিল থেকে ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা অবৈধভাবে তুলে আত্মসাৎ করেন। একইভাবে ৯ লাখ ৩২ হাজার ৫০ টাকা তুলে তাঁর অনুসারী কলেজের উপাধ্যক্ষ গোলজার হোসেন, বাংলা বিভাগের প্রধান মকবুল হোসেন খান, একই বিভাগের প্রভাষক মমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোস্তফা কামালকে সম্মানী ভাতা হিসেবে ভাগ করে দেন। এসব টাকা সরকারি কোষাগারে ফেরত না দেওয়া পর্যন্ত তদন্ত কমিটি ওই অধ্যক্ষসহ শিক্ষকদের বেতন–ভাতা বন্ধের প্রস্তাব করেন এবং দ্রুত তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
জালিয়াতির মাধ্যমে কলেজে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১১ সালের ১৪ মে কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের (পাস) কোর্সে মমিনুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের পরীক্ষার ফলাফল কাগজে মাউশির ডিজির প্রতিনিধি রংপুর কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহম্মেদের স্বাক্ষর জাল করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের এমপিও সিট অনুযায়ী, কলেজে অধ্যক্ষসহ এমপিওভুক্ত শিক্ষক ছিলেন ৩৮ জন। এর মধ্যে নারী শিক্ষক মাত্র ৪ জন। কোটা অনুযায়ী সেখানে ৭ জন নারী শিক্ষক থাকার কথা। ২০১০ সালের ২৬ অক্টোবর ওই কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদের নিয়োগে নারী কোটা পূরণ করা অত্যাবশ্যকীয় ছিল। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ নারী প্রার্থী রাশেদা খাতুনকে নিয়োগ না দিয়ে মমিনুল ইসলাম নামে অপর এক প্রার্থীকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়। ২০১০ সালের ২৬ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে নাসরিন আফজালকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের অন্তত সাত মাস আগে মাউশির ডিজির প্রতিনিধি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারেক নূরকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছিল।
অধ্যক্ষ মাজেদ আলী খান শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে ফি নিয়ে প্রশংসাপত্র, প্রত্যয়নপত্র, চারিত্রিক সনদ প্রদান করেন বলেও এতে উল্লেখ করা হয়।