অধ্যক্ষকে টেনেহিঁচড়ে পুকুরের পানিতে ফেলে দেওয়ার জের ধরে ঘটনার এক বছর পর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে পাঁচ বছরের জন্য ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশীদ মল্লিক গত বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করেন।
ছাত্রলীগের নেতা–কর্মীরা ২০১৯ সালের ২ নভেম্বর প্রতিষ্ঠানটির তৎকালীন অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদকে প্রকাশ্যেই লাঞ্ছিত করেন। শিক্ষার্থীদের সামনেই তাঁকে ক্যাম্পাসের ভেতরের একটি পুকুরে টেনেহিঁচড়ে ফেলে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও চিত্র সে সময় ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। এ নিয়ে মামলা হয়েছিল। গঠিত হয়েছিল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রশীদ মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ২ নভেম্বর ক্যাম্পাসে সংঘটিত ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানভিত্তিক সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করা হয়। ঘোষণার প্রতি সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। অধ্যক্ষের এই বিজ্ঞপ্তি ছাত্রসংগঠনের নেতারা ফেসবুকে শেয়ার করছেন।
ক্লাসে প্রয়োজনীয়সংখ্যক হাজিরা না থাকায় অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদ পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে আপত্তি করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁকে পুকুরের পানিতে ফেলে দেন। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামি করে মামলা করেন অধ্যক্ষ। পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে। আর পদে থাকা নেতাদের দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। পরবর্তী সময়ে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার ছাত্রের ছাত্রত্ব বাতিলসহ ১৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ।