অধ্যক্ষের কক্ষের সামনে রক্ত ঢেলে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি ও ছাত্রশিবিরের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে রক্ত ঢেলে প্রতিবাদ জানাল ছাত্রলীগ। শীতকালীন ছুটি শেষে গতকাল শনিবার কলেজ খোলার প্রথম দিনেই সংগঠনের নেতা-কর্মীরা আট দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন।
গত ১৬ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর কলেজের চারটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখা সংবাদ সম্মেলন করে ছাত্রাবাসগুলো স্থায়ীভাবে বন্ধ, নাশকতা ও অস্ত্র আইনের মামলায় আসামি শিবির ক্যাডারদের গ্রেপ্তার এবং অভিযোগপত্রভুক্ত শিবির ক্যাডারদের ছাত্রত্ব বাতিলসহ আট দফা দাবি পেশ করে। এসব দাবি না মেনে ২ জানুয়ারি কলেজ খোলা যাবে না বলে হুমকি দেয় ছাত্রলীগ।
অবস্থান কর্মসূচি: ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টার দিকে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে দুপুর পৌনে ১২টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সমাবেশে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্রলীগ আট দফা দাবি দিয়েছিল। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলেজ না খোলার দাবি জানানো হয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এসব দাবি বিবেচনায় না নিয়ে কলেজ খুলেছে। এর মাধ্যমে ছাত্রলীগ ও শিবিরকে মুখোমুখি করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টায় নুরুল আজিমের নেতৃত্বে নেতা-কর্মীরা কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তারের কক্ষে প্রবেশ করেন। তাঁরা আট দফা দাবি মেনে নেওয়ার জন্য কলেজ অধ্যক্ষকে অনুরোধ জানান। এ সময় অধ্যক্ষ বলেন, এসব দাবি বাস্তবায়নে সময়ের প্রয়োজন রয়েছে। পরে সেখান থেকে বের হয়ে অধ্যক্ষের কক্ষের সামনে (প্রবেশপথে) রক্ত ঢেলে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অবস্থান কর্মসূচি চলাকালে নেতা-কর্মীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হয়।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের শাখার সাধারণ সম্পাদক নুরুল আজিম সাংবাদিকদের বলেন, ‘কলেজে যেহেতু নিরাপত্তা নেই, তাই রক্ত ঢেলে প্রতীকী প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
শিক্ষকদের অনুরোধে বেলা আড়াইটার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে ছাত্রলীগ। পরে নেতা-কর্মীরা অধ্যক্ষের কার্যালয়ের প্রবেশপথে ঢেলে দেওয়া রক্ত কাপড় দিয়ে মুছে দেন।
ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অধ্যক্ষ জেসমিন আক্তার।
স্থবির শ্রেণি কার্যক্রম: ছাত্রলীগের অবস্থান কর্মসূচি চলাকালে গতকাল দুপুরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ ও ইতিহাস বিভাগে গিয়ে দেখা যায়, এসব বিভাগের সবগুলো শ্রেণিকক্ষ ফাঁকা। শিক্ষকদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের দেখা যায়নি।
অর্থনীতি বিভাগের দুই শিক্ষক জানান, স্নাতক শ্রেণির প্রথম ও দ্বিতীয় বর্ষের দুটি ক্লাস হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। ইতিহাস বিভাগের এক শিক্ষক বলেন, শিক্ষার্থী না আসায় ক্লাস হয়নি। একই কথা জানান বাংলা, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকেরাও।
শ্রেণি কার্যক্রমের বিষয়ে অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের নির্বাচনী পরীক্ষা শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যমান পরিস্থিতির কারণে পরীক্ষা হয়নি।
কলেজের নিরাপত্তার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ক্যাম্পাসে ৫৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের মূল প্রবেশফটক ছাড়া বাকি চারটি প্রবেশফটক বন্ধ রাখা হয়েছে।