বগুড়ার সরকারি দুই কলেজ
অধ্যক্ষের নামে ‘কটুক্তি’র অভিযোগ নিয়ে উত্তাপ
দুই কলেজের শিক্ষক পরিষদ আইনি ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলীর বিরুদ্ধে অপর এক কলেজের অধ্যক্ষ সম্পর্কে অশালীন মন্তব্য এবং তাঁকে গালমন্দ করার অভিযোগ উঠেছে। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জোহরা ওয়াহিদা রহমান এ অভিযোগ করেন।
কলেজের একাধিক শিক্ষক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার জেলা কমিটিতে এত দিন সদস্যসচিব ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ। এ বছর জেলা প্রশাসন সদস্যসচিব মনোনীত করে চিঠি দিয়েছেন অধ্যক্ষ জোহরা ওয়াহিদা রহমানকে।
এ নিয়ে দুই অধ্যক্ষের বিরোধ প্রকাশ্য হয় ১৪ জুন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত একটি সভায়। জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নতুন কমিটি গঠনে এ সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত একাধিক শিক্ষক বলেন, নতুন কমিটির সভাপতি হিসেবে শাহজাহান আলী ও জোহরা ওয়াহিদা রহমান—দুজনই পদপ্রত্যাশী। নতুন কমিটি গঠন নিয়ে সভায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষকদের দাবি, ২৫ জুন সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানোর আয়োজন করা হয়। সেখানে শাহজাহান আলী কলেজের শিক্ষকদের সামনে জোহরা ওয়াহিদাকে নিয়ে অশালীন মন্তব্য ও তাঁকে গালমন্দ করেন।
এর প্রতিবাদে গত সোমবার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষক পরিষদের জরুরি সভায় শিষ্টাচারবহির্ভূত এ আচরণের জন্য প্রতিবাদ ও নিন্দা প্রস্তাব পাস করা হয়। সভায় সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নিন্দা প্রস্তাবের প্রতিবাদে বুধবার বিকেলে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের পাল্টা সভা হয়। সেখানে মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষক পরিষদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো ছাড়াও অধ্যক্ষ মো. শাহজাহান আলীকে নিয়ে মানহানিকর অপপ্রচার বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাউশি অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে জোহরা ওয়াহিদা রহমান বলেন, ‘নানা বিষয় নিয়ে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রতিহিংসায় ভুগছিলেন। একজন দায়িত্বশীল শিক্ষক হয়ে আরেকজন সহকর্মী সম্পর্কে এ ধরনের কুরুচিপূর্ণ কটূক্তি শুধু আপত্তিকর নয়; একজন নারীর জন্য মর্যাদাহানিকরও বটে।’
তবে অধ্যক্ষ শাহজাহান আলী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ২৫ জুন কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। সেখানে অধ্যক্ষ জোহরা ওয়াহিদা রহমান সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা হয়নি।