অধ্যক্ষের নিয়োগ অবৈধ, অপসারণ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার চাঁদপুর বিএম কলেজের অধ্যক্ষ মোকবুল হোসেনের নিয়োগ অবৈধ ছিল। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গত বৃহস্পতিবার অপসারণ করা হয়। এর মধ্য দিয়ে এক বছর ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল।
কলেজ সূত্রে জানা গেছে, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। তখন মোকবুল হোসেন অধ্যক্ষের দায়িত্ব নেন। কিন্তু তিনি এসএসসি, এইচএসসি ও স্নাতকে তৃতীয় শ্রেণি পেয়েছেন। বিধি অনুযায়ী, একটির বেশি তৃতীয় শ্রেণি পাওয়া কোনো ব্যক্তি অধ্যক্ষের দায়িত্ব নিতে পারেন না। এ ছাড়া ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু মোকবুল হোসেনের তখন মাত্র এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ছিল। এ কারণে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে অপসারণের দাবি ওঠে। শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়। এর মধ্যেই তিনি কলেজে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন বলে নতুন করে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের শুরুর দিকে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবিতে এক দফা আন্দোলন শুরু করেন। তাঁরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আতিয়ুর রহমান জেলা শিক্ষা কর্মকর্তার সহযোগিতায় পাঁচ মাস ধরে অধ্যক্ষের অযোগ্যতার অভিযোগের বিষয়ে তদন্ত করেন।
তদন্ত শেষে মোকবুল হোসেনের অধ্যক্ষ পদে যোগদানকে অবৈধ বলে ঘোষণা করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকারি বিধি মোতাবেক অধ্যক্ষ পদে যোগ দেওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও মোকবুল হোসেন অধ্যক্ষ পদ আঁকড়ে ছিলেন। তাঁকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে একজন জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হোক। পাশাপাশি মোকবুল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
তদন্ত প্রতিবেদনের আলোকে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরহাদ হোসেন কলেজে উপস্থিত হয়ে সভা করেন। পরে মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।
গতকাল সকালে লুৎফর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজে যোগ দিলে শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করেন।
জানতে চাইলে মোকবুল হোসেন বলেন, ‘আমি নির্দোষ। তবে প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
ইউএনও ফরহাদ হোসেন বলেন, কয়েকবার তদন্ত করার উদ্যোগ নেওয়া হলেও মোকবুল হোসেনের সহযোগিতার অভাবে তা বিলম্বিত হয়। তদন্ত শেষে তাঁর নিয়োগ অবৈধ প্রমাণিত হয়।
গত বছরের ৮ অক্টোবর এ বিষয়ে প্রথম আলোয় ‘শিক্ষকদের ক্লাস বর্জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।