অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষককে মারধর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার চৌরাট-শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপক কুমার সরকারের বিরুদ্ধে ওই কলেজের প্রভাষক আবদুর রশিদকে মারধর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। আবদুর রশিদ কলেজটির ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক।

প্রভাষক আবদুর রশিদের অভিযোগ, ‘অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাওশি) অধিদপ্তরের মহাপরিচালসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করায় ১৫ জানুয়ারি দুপুরে দীপক কুমার তাঁর কক্ষে ডেকে নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আমার শরীরেও আঘাত করেন। এ রকম কিছু ঘটতে পারে, বিষয়টি আমি আগেই আঁচ করতে পেরে অধ্যক্ষের কক্ষে ঢুকার আগেই মুঠোফোনের অডিও রেকর্ড চালু করি রাখি। আমাকে মারধর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়ার পর দ্রুত নওগাঁ ছাড়ার জন্য চাপ দেন দীপক কুমার। থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি। প্রাণের ভয়ে ওই দিনই নওগাঁ ছেড়ে মানিকগঞ্জে আমার গ্রামের বাড়ি চলে আসি।’

আবদুর রশিদ আরও বলেন, ‘বিষয়টি আমি মৌখিকভাবে পত্নীতলার ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। তাঁরা আমাকে সশরীর অভিযোগটি লিখিতভাবে জানাতে বলেছেন। আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে থানায় এবং কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করব। তবে নওগাঁয় গেলে আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছি।’

প্রভাষক আবদুর রশিদের ফোনে রেকর্ড করা অডিওতে শোনা যায়, দীপক কুমার রশিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং অব্যাহতিপত্রে স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করছেন। প্রায় ১৫ মিনিটের ধারণ করা অডিওজুড়ে অধ্যক্ষ আবদুর রশিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং চড়থাপ্পড় মারছেন এমন শব্দ শোনা যায়।

ওই কলেজ সূত্রে জানা যায়, আবদুর রশিদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর গ্রামে। তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চৌরাট-শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজে ইসলাম শিক্ষা বিভাগে ডিগ্রির তৃতীয় শিক্ষক হিসেবে ২০১৫ সালের ৭ নভেম্বর যোগদান করেন। ২০২১ সালের ৭ নভেম্বর মাওশি প্রকাশিত ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে তাঁর নাম রয়েছে। কিন্তু ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে অনুমোদন পাওয়ার পর থেকে দীপক কুমার তাঁর জায়গায় অন্য একজনকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা শুরু করেন এবং তাঁকে কলেজে আসতে নিষেধ করে দেন। এ বিষয়ে গত ৯ ডিসেম্বর তিনি মাউশি মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের অনুলিপি তিনি ইউএনও ও কলেজের সভাপতি এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছেও দেন।

অভিযোগের বিষয়ে চৌরাট-শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের দীপক কুমার সরকার প্রথম আলোর কাছে দাবি করেন, আবদুর রশিদ পদত্যাগ করেছেন। সেদিন দুজনের মধ্যে হালকা কথা–কাটাকাটি হয়েছে। তাঁকে মারধর বা গালিগালাজ কিছুই করা হয়নি। মারধর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়েছে বলে যে অভিযোগ তিনি করেছেন, এটা ভিত্তিহীন।

এ বিষয়ে চৌরাট–শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের সভাপতি ও ইউএনও লিটন সরকার বলেন, ‘প্রভাষক আবদুর রশিদ তাঁকে লাঞ্ছিত করার বিষয়টি আমাকে মৌখিকভাবে অবগত করেছেন। লিখিত অভিযোগ করলে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই অধ্যক্ষের বিরুদ্ধে এর আগেও একজন একই ধরনের অভিযোগ করেছেন।’