ওপরে কিশমিশ দেওয়া। দূর থেকে দেখলে মনে হয়, ডালিতে ঝরা শিউলি ফুল সাজিয়ে রাখা। একটু কাছে এলে টাটকা গরুর দুধের ঘ্রাণ। অনন্য স্বাদের এই সন্দেশের নামকরণ এলাকার নামেই। দেশজোড়া সেই সন্দেশের খ্যাতি। গুঠিয়ার সন্দেশ নামে পরিচিত এই সন্দেশ বরিশালের প্রায় ৬০ বছরের ঐতিহ্য।
বরিশালের উজিরপুর উপজেলার একটি ইউনিয়নের নাম গুঠিয়া। বছর কয়েক আগে প্রতিষ্ঠিত বায়তুল আমান জামে মসজিদের জন্য আলোচনায় এসেছে এলাকাটি। কিন্তু গুঠিয়ার সুখ্যাতি অনেক পুরোনো। আর তা সুস্বাদু এই সন্দেশের জন্য।
জানা যায়, পশ্চিমবঙ্গের নদীয়া থেকে সন্দেশ তৈরির কৌশল শিখে আসেন সতীশ চন্দ্র দাস নামের স্থানীয় এক ময়রা। সেই কৌশলের সঙ্গে নিজের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়েই তিনি ১৯৬২ সালে তৈরি করেন এই সন্দেশ, যা খ্যাতি পেয়েছে গুঠিয়ার সন্দেশ নামে।
দুধ, চিনির দাম বেড়েছে। বেশি লাভ থাকে না। তবু ঐতিহ্য টিকিয়ে রাখতে মানের সঙ্গে আপস করি না। কারণ, এর সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্য মিশে আছেশাওন হাওলাদার
স্থানীয় ময়রারা জানান, সতীশ চন্দ্র বেশ আগে কলকাতায় চলে যান এবং সেখানেই মারা যান। কিন্তু তাঁর বিখ্যাত সন্দেশ তৈরির কৌশল রপ্ত করে সেই ঐতিহ্য ধরে রাখেন এখানকার বেশ কয়েকজন ময়রা। বাদশা হাওলাদার তাঁদেরই একজন। তাঁর বয়স এখন ৭০। এই সন্দেশের প্রস্তুতপ্রণালি শিখিয়েছেন ছেলে শাওন হাওলাদারকে (৪০)।
সতীশের রেসিপিতে সন্দেশ তৈরি করে এর খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে দেন মূলত বাদশা হাওলাদার। পরে বাদশার ছেলে শাওন হাওলাদারের হাতে ব্যবসা ছেড়ে দেন। শাওন বাবার দেখানো পথে হেঁটেই ধরে রেখেছেন ঐতিহ্য।
গুঠিয়া সন্দেশের কেজি বর্তমানে ৬৫০ থেকে ৭০০ টাকা। কেজিতে ২৫টির মতো সন্দেশ হয়।
শাওন হাওলাদার বলেন, পৌষ, মাঘ ও বৈশাখে সন্দেশের চাহিদা বাড়ে। তিনি বলেন, ‘দুধ, চিনির দাম বেড়েছে। বেশি লাভ থাকে না। তবু ঐতিহ্য টিকিয়ে রাখতে মানের সঙ্গে আপস করি না। কারণ, এর সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্য মিশে আছে।’