অনলাইনে ফি দিলেই বন্দরে ঢুকতে পারবে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর
ফাইল ছবি

পণ্য খালাসের জন্য আনা গাড়ি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গেট পাস নিতে হয়। এ জন্য নগদ টাকা দিয়ে ফি পরিশোধ করতে হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নগদ টাকা দিয়ে গেট পাস নেওয়ার ব্যবস্থা ওঠে যাচ্ছে। এর পরিবর্তে অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করে গেট পাস নিতে হবে।

বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে ২ আগস্ট এক চিঠিতে ব্যবহারকারীদের জানানো হয়, ফটক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে বন্দরের নর্থ কনটেইনার ইয়ার্ডে প্রবেশে অনলাইনে আবেদন ও ফি পরিশোধের ব্যবস্থা চলমান আছে। এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই থেকে অনলাইনে আবেদন করে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলার বন্দরে প্রবেশের কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য বন্দরের আটটি ফটকের পাস কাউন্টারে সেবা ডেস্ক চালু হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে কোনো গাড়ি অনলাইনে আবেদন ও ফি পরিশোধ না করে বন্দরে প্রবেশ করতে পারবে না।

জানতে চাইলে বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় আনতে এ পদ্ধতি চালু হচ্ছে।