অনলাইনে মাসে দেড় লক্ষাধিক টাকার শুঁটকিগুঁড়া বেচেন নাজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুঁটকিগুঁড়া বাজারজাত করে উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন নাজমা আক্তার।
ছবি: প্রথম আলো

শুঁটকি নিয়ে বাজারে নানা কথা। কেউ শুঁটকির ‘গন্ধ’ সহ্য করতে পারেন না, কারও কাছে সমস্যা শুঁটকির কাঁটা। ক্ষতিকর রাসায়নিক মেশানো থাকার ভয়ও করেন কেউ কেউ। পুষ্টিগুণের কারণে আবার শুঁটকিপ্রিয় মানুষের সংখ্যাও কম নয়। নানাজনের নানা মত মাথায় নিয়ে শুঁটকি ব্যবসায় নামেন কক্সবাজারের কলেজপড়ুয়া নাজমা আক্তার রেশমি (২১)।

করোনাকালে কলেজ বন্ধ, পড়াশোনার চাপ তেমন নেই। বাড়িতে বসে সময়টুকু কাজে লাগান শুঁটকি গবেষণায়। লক্ষ্য ছিল দুটি, প্রথমত, শুঁটকি দিয়ে যে খাবার তিনি তৈরি করবেন, তাতে কোনো ‘দুর্গন্ধ’ থাকবে না। দ্বিতীয়ত, খাবারে কাঁটা থাকবে না, যাতে সব বয়সী মানুষ অনায়াসে খেতে পারেন। অবশেষে নাজমা খুঁজে পান কাঙ্ক্ষিত পদ্ধতি। সেটি হচ্ছে শুঁটকিগুঁড়া বা ড্রাই ফিশ পাউডার।

কয়েক মাসের মাথায় শুঁটকিগুঁড়ার কদর ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। নাজমার শুঁটকিগুঁড়া এখন যাচ্ছে চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কিশোরগঞ্জসহ দেশের ৫৪ জেলায়। গ্রাহকসংখ্যাও এক হাজারের বেশি।

নাজমার বাড়ি কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে, কলাতলী আদর্শ গ্রামে। তিনি পড়ছেন কক্সবাজার সিটি কলেজে, সম্মান দ্বিতীয় বর্ষে। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হয় অনলাইনে শুঁটকিগুঁড়ার ব্যবসা। উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় এবং পণ্যের খবর ছড়িয়ে দিতে আগেই তৈরি ছিল ‘পালংকি কণ্যা’ (Palongki konna) নামে নাজমার ফেসবুক পেজ। পালংকি হচ্ছে ‘কক্সবাজার’–এর প্রাচীন নাম, যার অর্থ হলুদ ফুল।

চিংড়ি দিয়ে তৈরি শুঁটকিগুঁড়া।
ছবি: প্রথম আলো

সোলার প্যানেলে (মশারিনেটের ভেতরে) উৎপাদিত বিষমুক্ত শুঁটকি (চিংড়ি, ছুরি ও লইট্যা) কিনে বিশেষ পদ্ধতিতে চূর্ণ করে (ময়দার মতো) তৈরি হয় শুঁটকিগুঁড়া। তারপর ৫০, ২০০, ৫০০ এবং ১০০০ গ্রাম ওজনের শুঁটকিগুঁড়া প্লাস্টিক বয়ামে ভরে চলে বেচাবিক্রি। দাম পড়ে প্রতি কেজি গড়ে দুই হাজার টাকা।

বিধিনিষেধের সময়ও নাজমার বেচাবিক্রি বন্ধ নেই। এখন দিনে ব্যবসা হয় গড়ে ছয় হাজার টাকার, মাসে ১ লাখ ৮০ হাজার টাকা। খরচ বাদ দিলে নাজমার মাসিক লাভ ২৩ থেকে ২৫ হাজার টাকা। লাভের এই টাকায় নিজের লেখাপড়া, পাশাপাশি বৃদ্ধ মা–বাবার চিকিৎসার খরচও চলছে। করোনার বিধিনিষেধ না থাকলে শুঁটকিগুঁড়ার বেচাবিক্রি আরও কয়েক গুণ বেড়ে যেত বলে দাবি নাজমার। নাজমার পথ অনুসরণ করে শহরের অনেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালাচ্ছেন।

নাজমার প্রথম গ্রাহক কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার ব্যবসায়ী মোস্তফা কামাল। তিনি ছয় কেজি অর্গানিক ছুরি ও লইট্যা শুঁটকির অর্ডার করেছিলেন, বিকাশে টাকাও পাঠান সাড়ে পাঁচ হাজার। বলতে গেলে মোস্তফা কামালের ওই টাকা দিয়েই শুরু নাজমার অনলাইন ব্যবসা।

সোলার প্যানেলে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত শুঁটকি
ছবি: সংগৃহীত

নাজমার ড্রাই ফিশ পাউডারের নিয়মিত গ্রাহক রাজধানীর খিলগাঁও এলাকার উর্মি ইসলাম। তিনি ফরিদপুরের মিষ্টি সরবরাহকারী অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘ফুডশপ বিডি’–এর পরিচালক। উর্মি ইসলাম প্রথম আলোকে বলেন, ফেসবুক গ্রুপে তিনি পালংকি কণ্যা নাজমার সন্ধান পেয়েছিলেন। নাজমার শুঁটকিগুঁড়াতে গন্ধ নেই, স্বাদেও অতুলনীয়। যেকোনো তরকারি এবং নুডলসের সঙ্গে শুঁটকিগুঁড়া মেশানো যায়। শুঁটকিগুঁড়ায় কাটা না থাকায় শিশুরাও অনায়াসে খেতে পারছে। হাই প্রোটিনযুক্ত শুঁটকি শরীরের জন্য খুবই উপকারী।

শুঁটকিগুঁড়ার নিয়মিত গ্রাহক রাজধানীর বাসাবো এলাকার শিক্ষক সুমাইয়া তানজিলা ও বগুড়ার মাহমুদা খান। মাহমুদা খান বলেন, গুণমান বাড়াতে খাবারের সঙ্গে নাজমার শুঁটকিগুঁড়া মেশান, তাতে ভালো কাজ দিচ্ছে।

খাদ্যমান নিশ্চিত করে এই ড্রাই ফিশ পাউডার দেশে-বিদেশে পৌঁছানো গেলে শুঁটকির চাহিদা আরও বাড়বে। এখন কক্সবাজার উপকূলে প্রতিবছর অন্তত ৩০০ কোটি টাকার শুঁটকি উৎপাদন হচ্ছে।
আবু মোর্শেদ চৌধুরী, সভাপতি, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ

নাজমা বলেন, মায়েদের কাছে শুঁটকিগুঁড়ার চাহিদা বাড়ছে। কারণ, শুঁটকিগুঁড়াতে প্রাণিজ আমিষের চাহিদা যেমন পূরণ হয়, তেমনি দুর্গন্ধ ও কাঁটামুক্ত থাকে। খুব সহজে শিশুদের খাওয়ানো যায়। রান্না ছাড়াও খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এই ড্রাই ফিশ পাউডার।

শুঁটকিগুঁড়া নিয়ে আরও এগোতে চান এই তরুণী। ভবিষ্যতে শুঁটকিগুঁড়া দিয়ে বানাতে চান রকমারি খাদ্য। যেমন শুঁটকি বিস্কুট, চিপস, নুডলস মসলা, হালিম ও চটপটি মসলা, শুঁটকিভর্তা ইত্যাদি, যা প্যাকেটে ভরে বাজারজাত করা হবে। এ জন্য দরকার বিএসটিআইয়ের অনুমোদন এবং ১০-১৫ লাখ টাকার পুঁজি।

বাজারে পোলট্রি এবং মাছের পোনার খাদ্য হিসেবে শুঁটকিগুঁড়া (পচা ও নষ্ট মাছ দিয়ে তৈরি) বিক্রি হয়। কিন্তু সব বয়সী মানুষের জন্য খাবার উপযোগী শুঁটকিগুঁড়া বাজারে নেই। এখন নাজমার উদ্যোগে শুঁটকিগুঁড়া তৈরি হচ্ছে, অনলাইনে ছড়িয়ে পড়ছে সারা দেশে—এটা খুশির খবর জানিয়ে কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ‘আমাদের উচিত নাজমার পাশে দাঁড়ানো, তাঁকে সহযোগিতা করা।’ তিনি বলেন, খাদ্যমান নিশ্চিত করে এই ড্রাই ফিশ পাউডার দেশে-বিদেশে পৌঁছানো গেলে শুঁটকির চাহিদা আরও বাড়বে। এখন কক্সবাজার উপকূলে প্রতিবছর অন্তত ৩০০ কোটি টাকার শুঁটকি উৎপাদন হচ্ছে। এর মধ্যে অন্তত ১২০ কোটি টাকার শুঁটকি রপ্তানি হয় চীন, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে।

উদ্যোক্তা হয়ে উঠতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে নাজমাকে। তিনি বলেন, ‘বিদ্রূপের শিকার হয়েছি অনেক এবং হচ্ছিও। পাশে থেকে সাহস জুগিয়েছেন মা। মা চাইতেন পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দিই। মাকে বোঝানো হলো। এখন চাকরির চাইতে নিজের পায়ে দাঁড়ানোটাই আসল, আমি সেই পথেই হাঁটছি।’