সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার গণ–অনশন কর্মসূচি শুরু করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন শিক্ষার্থী।
এর আগে একই দাবিতে গত বুধবার দুপুর থেকে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এর মধ্যে এক অনশনকারীর পরিবারের সদস্য হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় বাড়ি ফিরে গেছেন তিনি। অনশনকারীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় গণ–অনশন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন আরও ৩ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন।
এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, উপাচার্য পদত্যাগ না করে সময়ক্ষেপণ করছেন। শিক্ষার্থীদের দাবি, উপাচার্যকে পদত্যাগ করতে হবে। তাঁর পদত্যাগপত্র আন্দোলনরত শিক্ষার্থীরা নিজের চোখে না দেখা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। তাঁরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচি পালন এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থী ছাড়া বহিরাগত ব্যক্তিদের ক্যাম্পাসে অবস্থান না করার আহ্বান জানান।
আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। শনিবার সন্ধ্যার দিকে ছাত্রলীগ হলের ছাত্রীদের ওপর হামলা চালায়।
পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাঁদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।