চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে ১২টি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের কথা। ইতিমধ্যে সাতটি এসটিএসের নির্মাণকাজ শুরু হলেও বাকি পাঁচটির জন্য জায়গা খুঁজে পাচ্ছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। ফলে কার্যাদেশ দেওয়ার দুই বছর পরও এগুলোর কাজ শুরু করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। এ অবস্থায় শঙ্কার মধ্যে পড়েছে পাঁচটি এসটিএস প্রকল্পের বাস্তবায়ন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ১২টি এসটিএস (ময়লা রাখার মধ্যবর্তী স্থান) নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৮ লাখ টাকা। প্রকল্পে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্স। এর স্বত্বাধিকারী বেলাল হোসেন বলেন, ‘দুই বছরে সিটি করপোরেশন ১২টি এসটিএসের মধ্যে সাতটির জায়গা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। অন্যগুলো এখনো বুঝিয়ে দিতে পারেনি। তাই আমরা কাজও শুরু করতে পারছি না। সাইট বুঝিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা যেত।’
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এসটিএসের জন্য জায়গা খুঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তারপরও পাওয়া না গেলে আমাদের কিছু করার নেই। বর্তমানে যেসব স্টেশনের কাজ চলছে তা চলবে। বাকিগুলো তখন আর নির্মাণ করা হবে না।’
যেসব এলাকায় এসটিএসের জন্য জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেগুলো হলো দক্ষিণ বাকলিয়া, দক্ষিণ আগ্রাবাদ, উত্তর পাহাড়তলী, পূর্ব মাদারবাড়ি ও দেওয়ানবাজার। এ ছাড়া বায়েজিদ বোস্তামি সড়কের পাশে স্টেশনের নির্মাণকাজ বন্ধ রয়েছে।
২০১৪ সালের ১৩ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্সকে এই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত। ২০১৪ সালের ৩ মার্চ এফআইডিসি সড়ক এলাকায় এসটিএসের নির্মাণকাজের উদ্বোধন করেন তৎকালীন মেয়র মোহাম্মদ মনজুর আলম।
সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে চান্দগাঁও ওয়ার্ডের এফআইডিসি রোড, দক্ষিণ পতেঙ্গার বিমানবন্দর সড়কের বিজয় নগর, উত্তর কাট্টলীর সাগরিকা, হালিশহর মুনিরনগর ওয়ার্ডের পোর্ট কানেকটিং রোডের পোর্ট মার্কেট, লালখান বাজারের টাইগারপাস ও পশ্চিম মাদারবাড়ির বরিশাল কলোনি এলাকায় এসটিএসের নির্মাণকাজ চলছে। এসব স্টেশনের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। তবে বায়েজিদ এলাকায় খালের মধ্যে স্টেশনের নির্মাণকাজ শুরু করলেও পরবর্তী সময়ে তা বন্ধ করে দেওয়া হয়।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের তথ্য অনুযায়ী, নগরে বর্তমানে ১ হাজার ৩৫০টি ডাস্টবিন ও ৯৬টি কনটেইনার রয়েছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এসব ডাস্টবিন ও কনটেইনারের বর্জ্য ট্রাকে করে হালিশহরের আনন্দবাজার এবং এফআইডিসি সড়কের বর্জ্যাগারে নিয়ে যাওয়া হয়। এসটিএস নির্মাণ হলে নগরে ডাস্টবিন থাকবে না। তখন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে ভ্যানের মাধ্যমে স্টেশনে নিয়ে যাবেন। এরপর এসব বর্জ্য স্টেশনের কনটেইনারে রাখা হবে। সেখান থেকে পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হবে সিটি করপোরেশনের বর্জ্যাগারে।
পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম বলেন, মেয়র নগর থেকে ডাস্টবিন সরিয়ে ফেলার পরিকল্পনা করেছেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিটি বাসা থেকে বর্জ্য সংগ্রহ করে তা এসটিএসের কনটেইনারে নিয়ে রাখবেন। আর যেসব এলাকায় এসটিএস থাকবে না, সেখানে কনটেইনার থাকবে। পরে সুবিধামতো সময়ে কনটেইনারগুলো ট্রাকে করে সিটি করপোরেশনের বর্জ্যাগারে নিয়ে যাওয়া হবে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, প্রতিটি এসটিএসে ১০ থেকে ১২টি কনটেইনার রাখা হবে। বর্তমানে নির্মাণাধীন ছয়টি এসটিএসের মধ্যে পাঁচটির দৈর্ঘ্য হচ্ছে ২১ মিটার ও প্রস্থ সাড়ে সাত মিটার। এফআইডিসি সড়কের এসটিএসের দৈর্ঘ্য ও প্রস্থ হচ্ছে যথাক্রমে ৫০ মিটার ও সাড়ে ১৪ মিটার। আর প্রতিটি ভবনের উচ্চতা হচ্ছে প্রায় ৪০ ফুট। প্রতিটি এসটিএসে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শকদের দাপ্তরিক কক্ষ, কর্মীদের বিশ্রামের জায়গা, শৌচাগার ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখার ব্যবস্থা থাকবে।