অনিয়ম করে ১২৮ শিক্ষককে বদলি ও সংযুক্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদারের বিরুদ্ধে গত পাঁচ বছরে অনিয়মের মাধ্যমে ১২৮ জন শিক্ষককে বদলি ও সংযুক্তির আদেশ দেওয়ার অভিযোগ উঠেছে।
রংপুর জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো এক নথি থেকে এ অভিযোগের কথা জানা গেছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি মনজুর হোসেন লিখিতভাবে এ অভিযোগ করেন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর।
এ ব্যাপারে জানতে চাইলে মহিউদ্দিন আহমেদ তালুকদার বলেন, এ নিয়ে ঢাকা থেকে তদন্ত হয়েছে। নতুন করে কিছু বলার নেই। অনিয়মের মাধ্যমে বদলি ও সংযুক্তির অভিযোগের সত্যতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, পর্যায়ক্রমে ওই সব বদলির আদেশ বাতিল করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নীতিমালায় বলা আছে, ‘বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত থাকলে প্রতিস্থাপন সাপেক্ষে একজন শিক্ষককে বদলি করা যাবে। সেই সঙ্গে কোনো বিদ্যালয়ে একটির অধিক পদ শূন্য থাকলে সেই বিদ্যালয় হতে প্রতিস্থাপন ব্যতিরেকে কোনো শিক্ষক বদলি করা যাবে না।’
নীতিমালাবহির্ভূতভাবে শিক্ষক বদলি ও সংযুক্তির অভিযোগ পাওয়ার পর রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে সংশ্লিষ্ট নথি চেয়ে পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে গত ৩ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান এ-সংক্রান্ত একটি নথি অধিদপ্তরের পরিচালক সাবের হোসেনের (যুগ্ম সচিব) কাছে পাঠান।
ওই নথি থেকে জানা যায়, গত পাঁচ বছরে মহিউদ্দিন আহমেদ মন্ত্রণালয়ের আদেশ ছাড়াই রংপুর বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ৮০ জন শিক্ষককে সংযুক্তির নির্দেশ দেন। আর চারজন শিক্ষকবিশিষ্ট বিদ্যালয় থেকে প্রতিস্থাপন ছাড়াই ৪৮ জন শিক্ষককে বদলির নির্দেশ দেন।
নথিতে দেখা যায়, রংপুরের কাউনিয়া উপজেলার ধুমেরপাড় প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষককে বদলি করে রংপুর সদরের সেনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর ফলে ধুমেরপাড় বিদ্যালয়ে ৩১৩ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের সংখ্যা দাঁড়ায় পাঁচজন। আর সেনপাড়া বিদ্যালয়ে ১৬১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক সংখ্যা দাঁড়ায় ১১ জন। আবার পীরগঞ্জ উপজেলার রসুলপুর প্রাথমিক বিদ্যালয় থেকে একজন শিক্ষককে বদলি করে রংপুর সদরের গিলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি দেওয়া হয়েছে। ফলে রসুলপুর বিদ্যালয়ে ৫২৫ জন শিক্ষার্থীর বিপরীতে তিনজন শিক্ষক থাকলেন। আর গিলাবাড়ি বিদ্যালয়ে ১৩৮ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক থাকলেন পাঁচজন।
উপপরিচালকের বিরুদ্ধে অভিযোগকারী মনজুর হোসেন বলেন, এভাবে বদলি ও সংযুক্তি পুরোপুরি নীতিমালা পরিপন্থী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন। এভাবে বদলি ও সংযুক্তিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে শিক্ষাদান ব্যাহত হচ্ছে।
অভিযোগের ওপর গঠিত তদন্ত কমিটির সদস্য ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) সঞ্জয় কুমার চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক আগেই মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্তে বদলি ও সংযুক্তির অভিযোগের সত্যতা মিলেছে।