অনিয়মের অভিযোগে ফরিদপুরের দুই বেসরকারি হাসপাতাল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজীব। গতকাল রাতে আরামবাগ হাসপাতালে
ছবি: প্রথম আলো

লাইসেন্স না থাকা ও সরকারি অধ্যাদেশ লঙ্ঘন করায় ফরিদপুরের দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর এ নির্দেশনা দেওয়া হয়।

হাসপাতাল দুটি হলো ঢাকা—বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত আরামবাগ হাসপাতাল ও পশ্চিম খাবাসপুর মহল্লার আমীর আলী সড়কে অবস্থিত নিউলাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আজ শুক্রবার দুপুর ১২টা থেকে আরামবাগ হাসপাতাল এবং সাড়ে ১২টা থেকে নিউলাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা কার্যকর হবে।

গতকাল রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই ২টি হাসপাতালে প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজীব। এ সময় সেখানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।

ফাতেমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই দুই হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, লাইসেন্স ছাড়াই নিউলাইফ হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল। অন্যদিকে আরামবাগ হাসপাতালে নির্ধারিতসংখ্যক চিকিৎসক ও সেবিকা নেই। এটা মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশের পরিপন্থী। তাই হাসপাতাল দুটি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ভর্তি থাকা রোগীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আজ দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।