অনুমোদনহীন প্রতিষ্ঠান সরবরাহ করবে ব্যাগ

পলিপ্রোপাইলিন ব্যাগের বদলে পলিথিন ব্যাগ সরবরাহ। দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট বন বিভাগের গাছের চারা উৎপাদনকাজের জন্য ‘পলিপ্রোপাইলিন ব্যাগ’ সরবরাহের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ব্যাগ উৎপাদনের অনুমোদন না থাকা একটি প্রতিষ্ঠান এই দরপত্র পেয়েছে। এ ঘটনায় প্রধান বন সংরক্ষণ কার্যালয় থেকে তদন্ত করে দরপত্র মূল্যায়ন ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় বন কার্যালয়ের সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে পুনর্বনায়ন প্রকল্পে গাছের চারা উৎপাদনকাজে ব্যবহৃত ৪৫ লাখ ৯৮ হাজার ৮৪০টি পলিপ্রোপাইলিন ব্যাগ সরবরাহের জন্য ২০২১ সালের ১৬ সেপ্টেম্বরে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের মূল্যায়ন কমিটির সভাপতি ছিলেন সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক। এতে পলিপ্রোপাইলিন ব্যাগ উৎপাদনের জন্য পরিবেশগত ছাড়পত্র, ১৯ লাখ টাকা মূল্যের ব্যাগ সরবরাহের অভিজ্ঞতাসহ বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল। দরপত্র প্রক্রিয়ায় তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে টঙ্গীর ‘সম্রাট ইন্ডাস্ট্রিজ’ নামের প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হিসেবে ২৫ লাখ ৭৯ হাজার ৯৪৯ টাকার ব্যাগ সরবরাহের কার্যাদেশ পায়।

কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বিষয়টি গত ২৯ নভেম্বর লিখিতভাবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়া।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ব্যাগের ওপরে বাংলায় সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানাসহ ‘শপিং ব্যাগ বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য নয়’ ছাপানো থাকতে হবে। এ কাজে ব্যবহৃত মোড়ক ৫৫ মাইক্রোনের নিচে হলে সে প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র বাতিলসহ ক্ষতিপূরণ ধার্য করার বিধান আছে।

গত বছরের শেষের দিকে বন বিভাগের কার্যাদেশ পাওয়ার পর পলিপ্রোপাইলিন ব্যাগ সরবরাহের কথা থাকলেও প্রতিষ্ঠানটি পলিথিন ব্যাগ সরবরাহ করে। সে সঙ্গে শর্ত অনুযায়ী মোড়কে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ছাপা ছিল না। এ জন্য বিভাগীয় বন কার্যালয়ের অধীন রেঞ্জ কর্মকর্তারা ব্যাগগুলো গ্রহণ করেননি। অন্যদিকে ছাড়পত্র না থাকলেও প্রতিষ্ঠানটি মেসার্স এ টি হক গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৪৪ হাজার ৪০০ টাকার ব্যাগ সরবরাহের অভিজ্ঞতা দেখায়।

অযোগ্য প্রতিষ্ঠানকে নয়ছয় করে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠলে গত বছরের ২৩ নভেম্বর প্রধান বন সংরক্ষণ কার্যালয়ের সহকারী প্রধান বন সংরক্ষক (উন্নয়ন পরিকল্পনা ইউনিট) মরিয়ম আক্তার তদন্তের নির্দেশ দেন। তদন্ত করে উপবন সংরক্ষক মোস্তাফিজুর রহমান ২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন তিনি। প্রতিবেদনে দরপত্র মূল্যায়ন ত্রুটিপূর্ণ হিসেবে মত দেন। ভবিষ্যতে দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পলিপ্রোপাইলিন নার্সারি ব্যাগ উৎপাদনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ হালনাগাদ ছাড়পত্র আছে কি না, তা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণের কথাও বলা হয়। এরপরও সিলেট বিভাগীয় বন কার্যালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি।

দরপত্রে অংশ নেওয়া নাসরিন ট্রেডার্সের পরিচালক মো. আনিসুর রহমান বলেন, দরপত্র গ্রহণের বিষয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া উচিত।

সম্রাট ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মীর মুশফিক উস সালেহিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা তাঁদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক দেখেছিলাম। এর আগেও প্রতিষ্ঠানটি কাজ পেয়েছিল। সে হিসেবেই সর্বনিম্ন দরদাতা হিসেবে তাদের কাজ দেওয়া হয়েছে। অযোগ্য প্রতিষ্ঠান হিসেবেও কাজ পাইয়ে দেওয়া বিষয়টি অস্বীকার করেন তিনি।’

বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, দরপত্রটি ই-জিপিতে হওয়ায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগছে। অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটি থেকে তাঁরা দাপ্তরিকভাবে ব্যাগগুলো বুঝে নেননি। সম্ভবত দরপত্রটি পুনরায় আহ্বান করা হবে।