অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় তথ্য প্রতিমন্ত্রীর ক্ষোভ
জামালপুরে সরকারি একটি অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। সভায় উপস্থিত দলীয় নেতা–কর্মীরা তাঁর বক্তব্য সমর্থন করে কয়েক মিনিট হট্টগোলও করেন। শুক্রবার বিকেলে জামালপুরের মির্জা আজম অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
জেলায় অসহায় নারীদের কর্মক্ষম করে তুলতে ‘টেকসই গ্রিনহাউস প্রযুক্তি ব্যবহার’বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন এবং কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অধিদপ্তর ও প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম ও জামালপুর-৫ (সদর) আসনের সাংসদ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোর্শেদা জামান।
বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেন, ‘আগস্ট মাসের ২৭ তারিখ, এখানে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি নাই। আমি এখানে কথা বলতে পারি না, আমার অধিকার নাই। আমরা খন্দকার মোশতাক না, আমরা খুনি জিয়াউর রহমান না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের রক্ত আওয়ামী লীগের রক্ত। আমাদের রক্ত, মুক্তিযোদ্ধাদের রক্ত। আমাদের রক্ত বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার রক্ত। এখানে আমি বক্তব্য দিতে পারি না। আমাদের সরকারের কর্মচারীরা, আপনারা বসে বক্তব্য দিচ্ছেন। কোনো ধরনের সভার ব্যানারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছাড়া অনুষ্ঠানে উপস্থিত হব না।’
আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা অনুষ্ঠান করবেন, কাদের সঙ্গে আলোচনা করেছেন, আপনারাই ভালো জানেন। এই ব্যানার কে তৈরি করেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া কাদের প্রশিক্ষণ দিচ্ছেন, কাদের টাকা দিচ্ছেন। আমাদের অধিকার নাই বঙ্গবন্ধুকে ছোট করার। সরকারি কর্মচারীদের উদ্দেশে বলতে চাই, জয় বাংলা জাতীয় স্লোগান। আপনি যদি ভাঙালি হন এবং বাংলাদেশের নাগরিক হন, আপনাকে জয় বাংলা বলতে হবে।’ এরপর তিনি বক্তব্য না দিয়ে মাউথপিস ছেড়ে দেন।
প্রতিমন্ত্রীর ক্ষোভের বিষয়ে জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে ব্যানারে মুজিব বর্ষের লোগো ব্যবহার করা হয়েছে। এখানে যে বড় করে বঙ্গবন্ধুর ছবি দিতে হবে, তা তাঁরা বুঝতে পারেননি। তাঁদের ভুল হয়েছে।