অনেক স্থানে শুরুই হয়নি

১৫ ডিসেম্বর থেকে শুরু করে ২৮ ফেব্রুয়ারি বাঁধ নির্মাণের কাজ শেষ করার কথা।কিন্তু পিআইসি গঠিত না হওয়ায় কাজ শুরু হয়নি।

এ পর্যন্ত ৭০১টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এসব প্রকল্পে প্রাক্কলন ধরা হয়েছে ১১৭ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে পিআইসি গঠন করা হয়েছে ৬৬৮টি। বৃহস্পতিবার পর্যন্ত কাজ শুরু হয়েছে ১৮৩টি প্রকল্পে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর এলাকার ফসল রক্ষা বাঁধ। এখনো এই বাঁধ সংস্কারের কাজ হয়নি। সম্প্রতি তোলা ছবি
প্রথম আলো

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য এবার ৭০১টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। কিন্তু কাজের নির্ধারিত সময় এক মাস পেরিয়ে গেলেও, ৫১৮টি প্রকল্পে এখনো কাজ শুরু হয়নি। এর মধ্যে ৩৩টির প্রকল্পের এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন হয়নি। অথচ নভেম্বর মাসের মধ্যে সব প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কথা ছিল।

যথাসময়ে কাজ শুরু না হওয়ায়, শেষও হবে দেরিতে। এতে সঠিকভাবে বাঁধ নির্মাণের কাজ শেষ হবে না। সঠিকভাবে নির্মিত না হলে, বন্যায় বাঁধ ভেঙে হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

হাওরে বাঁধ নির্মাণকাজের এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেছেন, ‘সময় দ্রুত চলে যাচ্ছে, আমরা বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নই। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাগুজে হিসাবের সঙ্গে মাঠের অবস্থার কোনো মিল নেই। বহু প্রকল্পে কাজ শুরু হয়নি। কোনো কোনো উপজেলায় সরেজমিন দৃশ্যমান কোনো কাজ দেখতে পাইনি। বুঝতে পারছি না, এবার কৃষকদের ভাগ্যে কী আছে।’

তবে পাউবোর কর্মকর্তারা বলছেন, হাওর থেকে পানি ধীরে নামায় জরিপের কাজ ও প্রকল্প নির্ধারণে সময় বেশি লেগেছে। আবার কোনো কোনো উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকায় পিআইসি গঠনও সময়মতো করা যায়নি। তবে এখন পিআইসিগুলোতে কার্যাদেশ দিয়ে দ্রুত কাজ শুরুর তাগিদ দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ পাউবো সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময়সীমা ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। জেলার ১১টি উপজেলায় এবার ৫২০ কিলোমিটারে ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ হবে। এ পর্যন্ত ৭০১টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এসব প্রকল্পে প্রাক্কলন ধরা হয়েছে ১১৭ কোটি ৬৬ লাখ টাকা। এসব প্রকল্প বাস্তবায়নে পিআইসি গঠন করা হয়েছে ৬৬৮টি। বৃহস্পতিবার পর্যন্ত কাজ শুরু হয়েছে ১৮৩টি প্রকল্পে। বাকি ৫১৮টি প্রকল্পে এখনো কাজ শুরু হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের বাকি আছে এখনো ৩৩টি প্রকল্পের।

পাউবোর হিসাব অনুযায়ী, জেলার ছাতক উপজেলায় ১১টি প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু এখনো একটিতেও কাজ শুরু হয়নি। সবচেয়ে বেশি প্রকল্প ধর্মপাশা উপজেলায় ১৫৭টি, এর মধ্যে কাজ শুরু হয়েছে ৪০টিতে। শাল্লা উপজেলায় ১৩৮টির মধ্যে কাজ শুরু হয়েছে মাত্র ১০টিতে। দিরাই উপজেলায় ৯০টি প্রকল্পের মধ্যে ১৫টি, তাহিরপুর উপজেলায় ৬২টির মধ্যে ৪টি, সদর উপজেলায় ২৫টির মধ্যে ২১টি, বিশ্বম্ভরপুর উপজেলায় ৩৩টির মধ্যে ১৩টি, জামালগঞ্জে ৩৬টির মধ্যে ১৬টি, শান্তিগঞ্জে ৫৫টির মধ্যে ৩৮টি, জগন্নাথপুরে ২৮টির মধ্যে ১১টি এবং দোয়ারাবাজার উপজেলায় ৪১টির মধ্যে ১৫টি প্রকল্পে কাজ চলমান।

একসময় সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করতেন ঠিকাদারেরা। ২০১৭ সালে হাওরে বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানির পর বাঁধের কাজ থেকে ঠিকাদারদের বাদ দেওয়া হয়। এর পর থেকে পিআইসির মাধ্যমে কাজ হচ্ছে। তখন থেকে বাঁধের কাজে যুক্ত করা হয় প্রশাসনকে।

স্থানীয় কৃষক ও হাওর আন্দোলনের নেতারা জানান, এবার বাঁধের কাজে শুরু থেকেই একধরনের ঢিলেমি লক্ষ করা যাচ্ছে। মাঠপর্যায়ে গণশুনানি করে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের দাবি থাকলেও, সেটি করা হয় না। স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের

সময় দ্রুত চলে যাচ্ছে, আমরা বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট নই। পাউবোর কাগুজে হিসাবের সঙ্গে মাঠের অবস্থার কোনো মিল নেই।
বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সভাপতি, হাওর বাঁচাও আন্দোলন

প্রভাবে পিআইসি গঠন করা হয়। এতে প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের একটা যোগসাজশ থাকে। যে কারণে ওই ব্যক্তিরা কাজে গাফিলতি করেন। প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনে স্বচ্ছতা থাকলে কাজে দুর্নীতি ও অনিয়ম কম হয়। আবার কাজ দেরিতে শুরু করলে বাঁধ হয় দুর্বল, দুর্বল বাঁধ পানির চাপে সহজেই ভেঙে যায়।

হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের শাল্লা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সেন বলেন, ‘১৫ ডিসেম্বর মানুষকে দেখানোর জন্য কেবল দুটি প্রকল্পে কাজ শুরু হয়েছিল। এ ছাড়া আরও কয়েকটি প্রকল্পে মাত্র কাজ শুরু হয়েছে। কাজের ধীরগতিতে আমরা উদ্বিগ্ন। এখনো পিআইসি গঠন নিয়েই আলোচনা চলছে, অথচ এখন সব বাঁধের কাজ অর্ধেক শেষ হওয়ার কথা ছিল।’

শাল্লা উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. আবদুল কাইয়ুম বলেন, পিআইসিদের কার্যাদেশ দেওয়া শেষ। সবাইকে দ্রুত কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই উপজেলায় ইউপি নির্বাচন ছিল, যে কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে।

ধর্মপাশা উপজেলায় ১৫৭টি প্রকল্পের মধ্যে এখনো ১১৭টিতে কাজ শুরু হয়নি। এ প্রসঙ্গে এই উপজেলার দায়িত্বপ্রাপ্ত পাউবোর কর্মকর্তা মো. ইমরান হোসেনও পিআইসি গঠনে বিলম্বের কারণ হিসেবে উপজেলায় ইউপি নির্বাচন থাকার দোহাই দেন। তিনি বলেন,‘ দু-এক দিনের মধ্যে সব প্রকল্পে কাজ শুরু হয়ে যাব।’

নির্ধারিত সময়ের এক মাসে উপজেলায় মাত্র চারটি প্রকল্পে কাজ শুরু হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী। তিনি বলেন, ‘প্রকল্প নির্ধারণ কিংবা পিআইসি গঠনে আমার কোনো ভূমিকা নেই। জনপ্রতিনিধি হিসেবে মানুষের স্বার্থে প্রতিবছরই হাওরের বাঁধে বাঁধে ঘুরি। সঠিকভাবে কাজ করার তাগিদ দিই। এবারও সেই কাজই করব।’ দ্রুত কাজ শুরুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও হাওরে বাঁধ নির্মাণসংক্রান্ত জেলা কমিটির সদস্যসচিব মো. জহুরুল ইসলাম বলেন, অনেক প্রকল্পে কাজ চলমান। এক সপ্তাহের মধ্যে সব প্রকল্পে কাজ শুরু হবে। নির্ধারিত সময়ে এবার কাজ শেষ হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ফসল রক্ষা বাঁধে মাটির কাজটিই মূল। এটি আমরা নির্ধারিত সময়ে শেষ করতে পারব বলে আশাবাদী।’

জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৫০) বলেন,‘ হাওরের বোরো ধান লাগানোর পর প্রতিবছরই আমরা চিন্তায় থাকি সেই ফসল গোলায় তুলতে পারব কি না। এর কারণ, অকালবন্যা। এই অকালবন্যা ও পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষা করে বাঁধ। বাঁধ সময়মতো ও সঠিকভাবে নির্মাণ করা না হলে, আমাদের ঘুম আসে না। আগে আগে বাঁধের কাজ হলে বাঁধ মজবুত হয়। অসময়ে তাড়াহুড়া করে কাজ করলে বাঁধের কাজ দুর্বল হয়। দুর্বল বাঁধ পানির তোড়ে সহজেই ভেঙে যায়।’