অনেকটা পথ হেঁটেই শহরে ফিরছেন তাঁরা
কাঁধেও ব্যাগ। হাতেও ব্যাগ। এ নিয়ে হেঁটে শাহ আমানত সেতু পার হচ্ছিলেন মোহাম্মদ মিজান। তিনি ফিরছিলেন কক্সবাজারের চকরিয়া থেকে। গন্তব্য চট্টগ্রাম শহরের দেওয়ানহাট। ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি চকরিয়া থেকে রওনা দেন শুক্রবার সকালে। বেলা আড়াইটায় চট্টগ্রামের মইজ্জারটেকে এসে পৌঁছান। প্রায় ৮৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তিনবার গাড়ি পাল্টাতে হয়েছে তাঁকে। হাঁটতেও হয়েছে অনেক পথ। কিন্তু মইজ্জারটেকে নেমে আর গাড়ি পাননি। তাই সাত কিলোমিটার দূরের গন্তব্যে যেতে হাঁটা দেন মিজান।
কঠোর বিধিনিষেধের মধ্যে বাড়ি থেকে ফেরার কারণ প্রসঙ্গে মোহাম্মদ মিজান বলেন, তিনি জানতেন ২৭ জুলাই থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। কিন্তু বাড়ি থেকে বের হয়ে দেখেন রাস্তায় গাড়ি নেই। কোনো রকম একটি গাড়ি পেয়েছিলেন। এরপর আরও দুবার গাড়ি পাল্টাতে হয়। শুক্রবার থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে জানলে আগের দিনই শহরে চলে আসতেন তিনি।
শাহ আমানত সেতু এলাকায় কথা হয় কলেজছাত্র নাজিম উদ্দিন ও চাকরিজীবী সালাহউদ্দিনের সঙ্গে। তাঁরা প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করেছিলেন ২৭ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। তাই বৃহস্পতিবার রাতে শহরে ফেরেননি। কিন্তু শুক্রবার ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন।
ঈদের ছুটি শেষে শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। এর মধ্যে অনেককেই চট্টগ্রাম নগরে ফিরতে দেখা গেছে। আবার অনেকে শহর ছেড়েছেন।
সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মী মিজানের মতো আরও অনেকেই এ দিন বিপাকে পড়েছেন। শুক্রবার শত শত লোককে আমানত সেতুর ওপর দিয়ে হেঁটে শহরে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে। বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। নারীরা কোনোমতে হেঁটে পার হতে পারলেও শিশুদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকেরা। এ সময় অনেককেই সঙ্গে থাকা শিশুদের কাঁধে নিয়ে হাঁটতে দেখা গেছে।
কঠোর বিধিনিষেধের প্রথম দিন ছিল সাপ্তাহিক ছুটি। আবার ঈদের ছুটি শেষের প্রথম দিন। এমনিতেই এই সময় শহর অনেকটাই ফাঁকা থাকে। কঠোর বিধিনিষেধের কারণে শহর ছিল পুরোপুরি ফাঁকা। এর মধ্যে ওষুধ ও পণ্যবাহী গাড়ি কিছু গাড়ি চলতে দেখা গেছে। মোড়ে মোড়ে রিকশা থাকলেও কয়েক গুণ বেশি ভাড়া দাবি করেন চালকেরা। আগের বিধিনিষেধের সময় প্রচুর ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও আজ সে সংখ্যা ছিল হাতেগোনা। নগরের মূল সড়কের পাশে বিপণিবিতান, দোকানপাট বন্ধ ছিল।
শহরের ভেতরে ফাঁকা থাকলেও প্রবেশমুখগুলোতে ভিড় দেখা যায়। নগরের অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, সিটি গেট, শাহ আমানত সেতু এলাকায় প্রচুর মানুষ ছিল। প্রবেশমুখগুলোতে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি। শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা যায়।
চট্টগ্রামে ফিরে আসতে দুর্ভোগে পড়েন গৃহিণী আয়েশা আখতার। বৃহস্পতিবার রাতে ফরিদপুর থেকে প্রথমে ঢাকায় আসেন তিনি। এরপর ঢাকা থেকে চট্টগ্রামে। তাঁদের বহনকারী বাস চট্টগ্রাম নগরের প্রবেশমুখ সিটি গেটে এসে পৌঁছায় বেলা ১১টায়। গাড়ি আর শহরের ভেতরে প্রবেশ করেনি। ওখানে তাঁদের নামিয়ে দেওয়া হয়। কিন্তু কোলে দুই বছরের শিশু। সঙ্গে আরও দুই সন্তান। তাদের নিয়ে তাঁর যেতে হবে ১০ কিলোমিটার দূরের সল্টগোলা রেল ক্রসিং এলাকায়। কোনো গাড়ি না পেয়ে তিন সন্তানকে নিয়ে হেঁটে রওনা দেন তিনি।
মোহাম্মদ রাসেল ঢাকা থেকে একটি বাসে করে চট্টগ্রামে আসেন সকাল সাড়ে ৬টায়। তাঁকে নামিয়ে দেওয়া হয় নগরের অলংকার মোড়ে। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো গাড়ি পাচ্ছিলেন না তিনি। এরপর একটি বাস এলেও তা ছিল যাত্রীতে পূর্ণ। উপায় না পেয়ে সেটিতেই উঠে পড়েন তিনি।
মোহাম্মদ রাসেল প্রথম আলোকে বলেন, সিটি গেট ও অলংকার মোড় এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন শত শত লোক। গ্রামের বাড়িতে ঈদ করে তাঁরা শহরে ফিরছিলেন। মাঝেমধ্যে দু-একটা গাড়ি এলেও তা ছিল প্রয়োজনের তুলনায় খুব কম। তাই অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্য রওনা দেন।