অনৈতিক সম্পর্কের জেরে মারধর ও পরে হত্যাকাণ্ড: পুলিশ
অনৈতিক সম্পর্ক জানাজানি ও এ নিয়ে মারধরের জেরে নাটোরের লালপুরে জুয়েল হোসেনকে (৩০) হত্যা করেন তাঁর চাচাতো ভাই ও এক প্রতিবেশী। ঘটনার রহস্য উদ্ঘাটনের পর আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
নিজ কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। সেখানে তিনি জানান, নিহত জুয়েলের বাড়ি লালপুরের দিলালপুর গ্রামে। ৪ মার্চ সকালে নিজ বাড়ির পেছনের ফসলের খেত থেকে আহত জুয়েলকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনায় জড়িত জুয়েলের চাচি, চাচাতো ভাই ও এক প্রতিবেশীর দেওয়া জবানবন্দির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ও মামলায় সন্দেহভাজন কারও নাম ছিল না। পরে প্রযুক্তির সহায়তা নেয় পুলিশ।
ঘটনার দিন ঘটনাস্থলের আশপাশে মুঠোফোনে আলাপচারিতা বিশ্লেষণ করে পুলিশ। এর ভিত্তিতে প্রথমে নিহত জুয়েলের চাচি সেলিনা খাতুনকে (২৮) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় সেলিনার সৎছেলে মেহেদী হাসান (২০) ও প্রতিবেশী মেহেদী হাসান ওরফে লিটনকে (২২)। পরে তাঁরা তিনজন পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দির বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, নিহত জুয়েল হোসেনের সঙ্গে তাঁর চাচি সেলিনা খাতুনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। চাচার অনুপস্থিতিতে জুয়েল প্রায়ই সেলিনার বাড়িতে যেতেন। বিষয়টি সেলিনার সৎছেলে মেহেদী হাসানসহ পরিবারের অন্যদের নজরে আসে। এ নিয়ে পারিবারিকভাবে সালিসও হয়। কিছুদিন পর সেলিনা খাতুনের সঙ্গে প্রতিবেশী লিটনের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। জানাজানি হলে এ নিয়ে সালিস হয়। সালিসে জুয়েল হোসেন লিটনকে মারধর করেন। সেই থেকে জুয়েলের ওপর লিটনের আক্রোশ সৃষ্টি হয়।
পুলিশ সুপার আরও বলেন, ৩ মার্চ সন্ধ্যায় সেলিনা খাতুন, লিটন ও মেহেদী হাসান গোপনে জুয়েলকে হত্যার পরামর্শ করেন। রাতেই সেলিনা খাতুন মুঠোফোনে জুয়েলকে বাড়িতে ডেকে আনেন। যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কথা বলে জুয়েলকে ঘুমের ওষুধ খাওয়ান। জুয়েল তন্দ্রাচ্ছন্ন হলে বাড়ির পাশের খেতে নিয়ে সেখানে অপেক্ষমাণ মেহেদী হাসান ও লিটনের হাতে তুলে দেন। রাত ১০টার দিকে তাঁরা জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে চলে যান। পরদিন সকালে মুমূর্ষু অবস্থায় জুয়েলকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।
মামলার তদারকি কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব সংবাদ সম্মেলনে বলেন, আটক তিনজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের দেওয়া জবানবন্দির সূত্র ধরে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল, চাকু ও মুঠোফোন জব্দ করা হয়েছে। আসামিদের ব্যবহৃত মুঠোফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে হত্যার সলাপরামর্শ করার প্রমাণ মিলেছে।