অন্তঃসত্ত্বা নারীর করোনা শনাক্ত, গর্ভের সন্তানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবজাতক
প্রতীকী ছবি

সাত মাসের অন্তঃসত্ত্বা রহিমা খাতুন (৩৬)। প্রথমবারের মতো সন্তান জন্মদানের জন্য দিন গুনছিলেন। এর মধ্যেই হঠাৎ আক্রান্ত হলেন করোনায়। আট দিন আগে ভর্তি হন কুষ্টিয়া করোনা হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার রাতে মৃত সন্তান প্রসব করেছেন এই নারী। চিকিৎসকেরা বলছেন, রহিমার শারীরিক অবস্থাও ভালো নয়। তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া করোনা হাসপাতালের পেয়িং ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তানমিনা তাবাসসুম প্রথম আলোকে বলেন, প্রসূতির শরীরে অক্সিজেনের মাত্রা বর্তমানে ৫৫ থেকে ৬০–এ ওঠানামা করছে। কেন্দ্রীয় অক্সিজেন ও হাই ফ্লো নাজাল ক্যানুলায় অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে বাঁচানোর চেষ্টা চলছে। বাকিটা সৃষ্টিকর্তার ওপর।

রহিমা খাতুনের বড় ভাই আশরাফুল আলম জানান, তাঁর বোনের বাড়ি জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর গ্রামে। তাঁর ভগ্নিপতির নাম আশরাফুল আলম। দুই বছর আগে বোনের বিয়ে হয়। ২০ জুলাই জ্বরসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয় রহিমার শরীরে। ২৩ জুলাই তাঁকে করোনা হাসপাতালে আনা হয়। নমুনা দেওয়ার পর পজিটিভ শনাক্ত হলে তাঁকে দ্রুত ওয়ার্ডে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়। বেশির ভাগ সময়ই তাঁকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পেয়িং ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন চিকিৎসক মো. আবদুল্লাহ। তিনি জানান, রাত ১০টার দিকে হঠাৎ রহিমা খাতুন পেটে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে গাইনি চিকিৎসক সুস্মিতা পাল ও মনোরোমা সরকারকে জানানো হয়। তাঁরা দ্রুত হাসপাতালে চলে আসেন। এরই মধ্যে রহিমার ব্যথা তীব্র হলে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়ার প্রস্তুতি চলছিল।

তাৎক্ষণিকভাবে দক্ষ নার্স ও আয়ারা ওয়ার্ডের ভেতর কাপড় দিয়ে ঘিরে তাঁর প্রসব করানোর চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে পুত্রসন্তান প্রসব করেন রহিমা। তবে সন্তানটি মৃত ছিল। পেয়িং ওয়ার্ডের ২ নম্বর কক্ষে ১৬ নম্বর বেডে তাঁকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। আট দিন আগে করোনা পজিটিভ হয়ে এই হাসপাতালে ভর্তি হন রহিমা খাতুন।

হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আক্রামুজ্জামান মিন্টু বলেন, করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের চিকিৎসা দেওয়া একটু কঠিন। তারপরও ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তাঁর অক্সিজেনসহ বিভিন্ন ধরনের ওষুধ চলছিল। এতে সাধারণত বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না। তারপরও চেষ্টা চালানো হয়েছিল। এ ছাড়া মায়ের উচ্চরক্তচাপ আছে।

রহিমার ভাই আশরাফুল আলম বলেন, কয়েক দিন ধরে কর্তব্যরত চিকিৎসকেরা খুবই আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। বিভিন্ন চিকিৎসকের সাথে কথা বলে বোনকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা। শুক্রবার সকালে মৃত সন্তানকে নিয়ে দাফনের জন্য গ্রামের বাড়িতে রওনা দেন বাবা আশরাফুল আলম। দাফন শেষে তিনি আবার হাসপাতালে ফিরবেন স্ত্রীর কাছে।