অন্ধ মোকারমের জীবন কাটে অন্যের বারান্দায়
দুই চোখ অন্ধ মোকারম হোসেনের (৮০)। গৃহ ও ভূমিহীন তিনি। স্ত্রীকে নিয়ে আড়াই বছর ধরে অসহায় জীবন যাপন করছেন তিনি। অন্যের পরিত্যক্ত গদিঘরের বারন্দায় বসবাস করছেন।
মোকারমের ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী বা বয়স্ক ভাতার কার্ড। স্ত্রী রেজিয়া খাতুনের ভিক্ষার টাকায় চলছে জীবন।
মোকারম ও তাঁর স্ত্রী থাকেন রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট-লালদিঘি সড়কের ইটভাটার পাশে একটি গদিঘরের বারান্দায়।
সরেজমিনে দেখা যায়, ওই গদিঘরের বারান্দার এক কোণ বস্তা দিয়ে ঘেরা। ভেতরে চৌকি বসানো। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকেন অন্ধ মোকারম।
মোকারম বলেন, তিনি জন্মান্ধ নন। বছর চারেক আগে তিনি গ্রামের রাস্তা ধরে বাজারে যাচ্ছিলেন। এ সময় তরল কীটনাশক হাতে থাকা এক কৃষকের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে কীটনাশক ছিটকে তাঁর চোখে-মুখে পড়ে। পরে অনেক চিকিৎসা করেও চোখ ভালো হয়নি। তিন বছর থেকে দুই চোখে মোটেই দেখতে পাচ্ছেন না।
মোকারম বলেন, উপজেলার উত্তর মুকসেদপুর ধাপপাড়া গ্রামে অন্যের জায়গায় পরিবার–পরিজন নিয়ে ২৫ বছর ছিলেন তিনি। দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। অন্ধ হওয়ার পর সেখান থেকে তাঁকে উচ্ছেদ করে দেন জমির মালিক। উপায় না পেয়ে স্ত্রী রেজিয়া খাতুন আড়াই বছর আগে তাঁকে নিয়ে ওঠেন পরিত্যক্ত ওই গদিঘরের বারান্দায়। রেজিয়ার ভিক্ষার টাকায় চলছে তাঁর জীবন। রেজিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী খোদেজা বেগম মারা যাওয়ার পর রেজিয়াকে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে, এক মেয়ে। ছেলে বউকে নিয়ে শ্বশুরবাড়ি থাকেন। মেয়ে স্বামীকে নিয়ে থাকেন ঢাকায়। তাঁরা কেউ খোঁজ নেন না।
মোকারমের দাবি, তাঁর বয়স ৮০ পেরোলেও জাতীয় পরিচয়পত্রে বয়স কম লেখায় বর্তমানে হয়েছে ৬১ বছর। তিনি বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না।
মোকারম অভিযোগ করে বলেন, ‘মুই দুই চোউকে (চোখে) দ্যাকো না। পোতিবন্দি (প্রতিবন্ধী) ভাতার জন্য চেয়ারম্যান-মেম্বার, চকিদারের পাছোত কত ঘুরচু, করি দেয় নাই। যার জমি আছে, বাড়ি আছে, তায় সরকারের বাড়ি পাইচে। মোর কিছু নাই, মোক বাড়ি দিল না। সব কপাল।’ এসব কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘বাবা, মোক একটা থাকার ব্যবস্থা করি দেও। আর একটা কার্ড করি দেও। বউটা ভিক (ভিক্ষা) না করলে মোক না খায়া মইরবার নাগিল হয়।’
মোকারমের স্ত্রী রেজিয়া খাতুন বলেন, ‘ভিক (ভিক্ষা) করলে প্যাটোত ভাত যায়। শরীল খারাপ হইলে ভিক কইরবার যাবার পাও না। তখন দুই মাইনষে না খায়া থাকি। হামার খুব কষ্ট। অন্ধ মানুষটাক ছাড়ি যাবারও মন চায় না। অর তো (স্বামীর) আর কাঁয়ও নাই। মুই না থাকলে এক ধাপ চইলবারও পারে না।’
ওই গদিঘরের মালিক বদরগঞ্জ পৌরসভার সাহাপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘থাকার জায়গা না থাকায় অন্ধ মোকারমকে নিয়ে তাঁর স্ত্রী আমার গদিঘরের বারান্দার এক পাশে চট দিয়ে ঘিরে অতিকষ্টে বসবাস করছেন। মানবিক কারণে তাঁদের তাড়িয়ে দিইনি।’
স্থানীয় রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এত দিন কেউ আমাকে মোকারমের কথা জানায়নি। বিষয়টি দেখব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‘খোঁজখবর নিয়ে মোকারমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’