অন্ধ হাফেজ মতিউরের সহযোগিতায় পাশে দাঁড়ালেন অনেকে
ব্রেইল মেশিন দিয়ে অন্ধদের জন্য পবিত্র কোরআন ও হাদিসের বই লিখে সংসার চালানো অন্ধ হাফেজ মতিউর রমহানের (৫১) সব দায়িত্ব নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। তাঁকে সাহায্য করতে দেশ-বিদেশ থেকে অনেকে সাড়া দিয়েছেন। কয়েকজন আর্থিকভাবেও সহযোগিতা করেছেন।
গত সোমবার ‘ব্রেইল মেশিন নষ্ট হয়ে কর্মহীন অন্ধ হাফেজ, ছয় মাস ঘুরেও পাননি সহযোগিতা’ শিরোনামে প্রথম আলো অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর অনেকে মতিউর রহমানকে সহযোগিতার জন্য সাড়া দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তাঁকে আর্থিকভাবে সহযোগিতাও করেছেন।
মতিউরের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে। গতকাল মঙ্গলবার বিকেলে দেওয়ানগঞ্জের ইউএনও কামরুন্নাহার শেখা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা মতিউর রহমানের বাড়িতে যান। তাঁর সব সমস্যার কথা শুনে সমাধানের দায়িত্ব দেন।
ইতিমধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার এক ব্যক্তি মতিউরকে ব্রেইল মেশিন কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন তাঁর ব্যক্তিগত অর্থে পাকা ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ইউএনও কামরুন্নাহার শেখা মতিউরের জমিসংক্রান্ত জটিলতা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আরও একটি প্রতিষ্ঠান মতিউরের ছেলের জন্য একটি কম্পিউটারের ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ছোটবেলা থেকেই জীবনে অনেক কষ্ট করতে হয়েছে। ব্রেইল মেশিন দিয়ে পবিত্র কোরআন ও হাদিসের বই লিখে সংসার চালাতে হতো। ছয় মাস ধরে মেশিনটি বিকল। এর পর থেকে ঘোর অন্ধকার নেমে আসে। কী করবেন, কোথায় যাবেন বুঝতে পারছিলেন না। এরপর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর সবকিছু পাল্টে যেতে শুরু করেছে।
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি কখনো এসব সমস্যা নিয়ে তাঁদের কাছে যাননি। প্রথম আলোর মাধ্যমে তাঁর সমস্যাগুলো জানতে পারেন। একটি মানবিক প্রতিবেদন করার জন্য প্রথম আলোকে তিনি ধন্যবাদ জানান।
দেওয়ানগঞ্জের ইউএনও কামরুন্নাহার শেফা বলেন, ইতিমধ্যে তাঁর (মতিউর) জমিসংক্রান্ত জটিলতা সমাধানের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। সব ধরনের সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যেই করা হবে।