চট্টগ্রামে হোটেলকক্ষ থেকে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে আশরাফুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাতে আশরাফুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশ। পুলিশ বলছে, ওই নারীর সঙ্গে পাকিস্তানি এক ব্যক্তির সম্পর্ক রয়েছে, এমন সন্দেহের জেরে হোটেলে নিয়ে তাঁকে পরিকল্পিতভাবে খুন করার কথা স্বীকার করেছেন আশরাফুল।
পুলিশের ভাষ্য, নিহত শাহিদা জাহান (৩৫) আরেকজনের স্ত্রী। তাঁর তিন সন্তান রয়েছে। এক বছর ধরে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হওয়ায় নগরের হালিশহর এলাকায় আলাদাভাবে বসবাস করছিলেন তিনি। আর আশরাফুলের সঙ্গে তাঁর ছিল দীর্ঘদিনের সম্পর্ক।
গত বৃহস্পতিবার রাতে হালিশহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে একটি কক্ষ থেকে ওই নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তাঁর গলা কাটা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বৃহস্পতিবার সকালে ৩০ বছর বয়সী এক যুবকসহ হোটেলে আসেন ওই নারী। নিজেকে কামরুল হাসান পরিচয় দিয়ে ও কুমিল্লার বাসিন্দা হিসেবে উল্লেখ করে হোটেলে ওঠেন ওই যুবক। পরে বিকেলে ওই যুবক কক্ষে তালা দিয়ে বেরিয়ে যান। রাতে হোটেল কর্মচারী সংশ্লিষ্ট কক্ষে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আশরাফুল ঘটনা ধামাচাপা দিতে হোটেলে ওঠার সময় ভুয়া জাতীয় পরিচয়পত্র দেন। ঘটনার পর নিজের কাপড় পাল্টে মুখে মাস্ক দিয়ে পালিয়ে যান।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেন, নিহত শাহিদার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। একই সঙ্গে আশরাফুলের সন্দেহ ছিল, পাকিস্তানি এক নাগরিকের সঙ্গে সম্পর্ক রয়েছে শাহিদার। বিষয়টি নিয়ে দুজনের মনোমালিন্য হয়।
ওসি আরও বলেন, এই সন্দেহের জেরে পরিকল্পিতভাবে ঘটনার দিন সকালে ঢাকা থেকে ছুরি ও ঘুমের ওষুধ নিয়ে আসেন আশরাফুল। এদিকে শাহিদাকে হোটেলে আসতে বলেন। পরে তাঁকে কক্ষে নিয়ে পানির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। সঙ্গে থাকা ছুরি দিয়ে গলা ও পেটে আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর কক্ষের দরজা বন্ধ করে চলে যান আশরাফুল।