নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর থানায় গতকাল শনিবার মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মো. মোর্শেদ। থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সার্বিক ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের কমিটি পুনর্গঠন করে সাত সদস্যের কমিটি করা হয়েছে।
পুণ্যস্নানের লগ্ন গতকাল সকাল ৬টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ হয়েছে। তবে নদের তীরে তিন দিনব্যাপী ‘বাসন্তী’ মেলা চলছে।
গত শুক্রবার সকালে লাঙ্গলবন্দে পুণ্যস্নান উৎসবে সেতু ভেঙে পড়ার গুজবে হুড়োহুড়ি শুরু হয়। এতে রাজঘাট এলাকায় পদদলিত হয়ে সাত নারীসহ ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। আহত হন আরও ২০ পুণ্যার্থী।
গাইবান্ধার চরবাটালিয়া এলাকার স্বপন কুমার মোদক অভিযোগ করেছেন, প্রাণহানির ঘটনার পর থেকে তাঁর মা মালতী রানীকে (৬০) খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল লাঙ্গলবন্দের রাজঘাট এলাকায় তিনি সাংবাদিকদের কাছে তাঁর মায়ের ভোটার আইডি কার্ডের ছবি দেখিয়ে এ অভিযোগ করেন। স্বপন জানান, মাকে খুঁজতে লাঙ্গলবন্দসহ আশপাশের এলাকায় মাইকিংও করেছেন। বিষয়টি তিনি পুলিশকে জানালে তাদের পরামর্শে হাসপাতালেও খোঁজ করেছেন।
পদদলিত হয়ে ১০ পুণ্যার্থীর মৃত্যু
সার্বিক ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি গতকাল পুনর্গঠন করে সাত সদস্যে উন্নীত করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেন খানকে। আজ রোববার থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে কমিটিকে। জেলা প্রশাসক আনিছুর রহমান তদন্ত কমিটি পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুণ্যস্নান উৎসবের নিরাপত্তায় পুলিশ লাঙ্গলবন্দে ৪০টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে তা পর্যবেক্ষণ করে। কিন্তু পদদলিত হওয়ার স্থানটি ক্যামেরার আওতার বাইরে ছিল। এ কারণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি। স্থানীয় কেউ মুঠোফোনে ঘটনার ভিডিওচিত্র ধারণ করেছে কি না, তা খুঁজছে পুলিশ।
পুণ্যস্নানের লগ্ন গতকাল সকাল ৬টা ৫৯ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ হলেও ওই এলাকার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিকেল পর্যন্ত দায়িত্ব পালন করতে দেখা গেছে।
কয়েকজন পুণ্যার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, পকেটমার চক্র পুণ্যার্থীদের মধ্যে গুজব ছড়িয়ে এই পরিস্থিতির সৃষ্টি করে। ওই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ বা পুণ্যার্থীদের শান্ত করতে কাউকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। প্রায় আধঘণ্টা হুড়োহুড়ি চললেও মাইকে ঘোষণা দিয়ে পুণ্যার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানানো হয়নি। এ ছাড়া অন্য বছরগুলোয় ওই বেইলি সেতুতে শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকেরা পরস্পরের হাত ধরে মানববর্ম তৈরি করতেন। এবার সেটাও করা হয়নি।
পুণ্যস্নান উদ্যাপন কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা জানান, লাঙ্গলবন্দের রাস্তা প্রশস্ত করা ও নদ যথাযথভাবে খনন করে কচুরিপানামুক্ত রাখা গেলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। পুলিশ ও জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে—আগামী পুণ্যস্নানের আগে এসব বিষয় কার্যকর করা হবে।