অপরহণ মামলায় আবারও সিআইডির চারজনের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণের মামলায় দ্বিতীয়বারের মতো রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) চারজনের জামিন আবেদন নাকচ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চিরিরবন্দর-৪) আদালতের বিচারক শিশির কুমার বসু জামিন আবেদন নাকচ করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেন দেন।

আজ বেলা তিনটায় আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে আদালত শুরুর সময়ই গ্রেপ্তার হওয়া রংপুর অপরাধ তদন্ত বিভাগের এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান, কনস্টেবল আহসানুল হক ও গাড়িচালক হাবিব মিয়ার জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবী। দুপুরে শুনানি শেষে বিচারক তাঁদের জামিনের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আসামিদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে একই আদালতে আসামিদের জামিন আবেদন করা হয়েছিল। সেদিনও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারক শিশির কুমার বসু তাঁদের জামিন আবেদন নাকচ করেন।

আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পলাশ নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের এএসপি ও তাঁর সঙ্গীরা অপরাধী ধরতে আসেন। সে ক্ষেত্রে বিভাগীয় প্রক্রিয়া মেনে তিনি আসামি ধরতে এসেছেন কি না, সেটা বিভাগীয় তদন্তের দাবি রাখে। দণ্ডবিধির ৩৮৫ ও ৩৬৫ ধারায় যে শাস্তির বিধান আছে, মামলার এজাহারের বর্ণনা বিশ্লেষণ করলে আসামিরা জামিন পাওয়ার যোগ্য। কিন্তু জামিন–অযোগ্য অপরাধ না হওয়া সত্ত্বেও আদালত জামিন দেননি। এতে তাঁরা সংক্ষুব্ধ হয়েছেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতে জামিন আবেদন করার কথাও জানান তিনি।

এই মামলায় সিআইডির তিন সদস্য, গাড়িচালক ও সিআইডির কাছে অভিযোগকারী ফসিহ উল আলম পলাশ ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের মৃত এন্তাজুল হকের ছেলে আরেফিন শাহ (৪০), সদর উপজেলার উপশহর এলাকার খেড়পট্টি গ্রামের মো. সোহেল (৩২), চৌরঙ্গী বাজার সুইহারি এলাকার মো. রিয়াদ (৩৫), ২ নম্বর উপশহর এলাকার মো. সুমন (৪০) এবং একই এলাকার মো. জাহিদ (৩৭)। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অন্য আসামিরা।

গত সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টায় সিআইডির তিন সদস্য চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামের লুৎফর রহমানকে ধরতে যান। লুৎফরকে না পেয়ে বাড়ির আসবাব তছনছ করে তাঁর স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে তুলে নেন। পরে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। লুৎফর রহমানের স্বজনেরা মুক্তিপণের টাকা নিয়ে দিনাজপুরের দশমাইল এলাকায় অপহরণকারীদের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় জনতা তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।