অপরাধী দলীয় হলে বিচারে আগ্রহ নেই সরকারের: রফিউর রাব্বি
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘সরকার দেশে নিয়ন্ত্রিত বিচার প্রক্রিয়া চালাচ্ছে। বেছে বেছে বিচার সংঘটিত করছে। যে ঘটনা বা অপরাধের সঙ্গে সরকারদলীয় ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা নেই তারা কেবল সেসব বিচারই করে। দলীয় বা সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারে তাদের আগ্রহ নেই।’
জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সদস্যসচিব আবু নাঈম খান প্রমুখ।
রফিউর রাব্বি অভিযোগ করেন, ‘তদন্ত সম্পন্ন হলেও ৯ বছর ধরে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। আইনকে কেবল নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।’
বক্তব্যে ত্বকীসহ সাংবাদিক দম্পতি সাগর-রুনি, তনু ও নারায়ণগঞ্জের আশিক, বুলু, মিঠু হত্যার বিচার দাবি করেন রফিউর রাব্বি।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ বলেন, ‘আমরা বারবার বলে এসেছি র্যাবের তথ্য অনুযায়ী আজমেরী ওসমান ও তাঁকে হত্যার নির্দেশদাতা শামীম ওসমানকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু উল্টো বিচার বন্ধ করে রাখা হয়েছে। সরকারদলীয় এমপির সংশ্লিষ্টতার কারণে বিচার বন্ধ হয়ে আছে।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে শওকত জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এরপর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।