গাইবান্ধা
অপসারণের নির্দেশের পরও চলছে ইটভাটা নির্মাণ
সদর উপজেলার খামার বোয়ালি গ্রামে ইটভাটা নির্মাণ করছেন এক ব্যবসায়ী। প্রশাসন ১০ জানুয়ারি তাঁকে ইটভাটা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল।
গাইবান্ধা সদর উপজেলায় খামার বোয়ালি গ্রামে অবৈধভাবে একটি ইটভাটা নির্মাণের কাজ শুরু করেছিলেন এক ব্যবসায়ী। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ১০ জানুয়ারি ওই ইটভাটা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই নির্দেশের ১২ দিন পরেও ইটভাটা অপসারণ করা হয়নি; বরং সেখানে আবার ইটভাটা নির্মাণের কাজ শুরু করা হয়।
গাইবান্ধা জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে খামার বোয়ালি গ্রাম। গ্রামটি সদর উপজেলার বোয়ালি ইউনিয়নে। গতকাল শনিবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, চারদিকে সবুজের সমারোহ। ফসলের মাঠ। গ্রামের তিন ফসলি অন্তত ছয় একর জমিতে ইটভাটা নির্মাণের কাজ চলছে। বর্তমানে ইট পোড়াতে চুলা নির্মাণের কাজ চলছে। ভাটার জায়গায় কিছু ইট ও মাটি ফেলে রাখা হয়েছে। ইট তৈরির জায়গা প্রস্তুত করা হচ্ছে। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩–এর ৮ ধারা অনুযায়ী কৃষিজমিতে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ। ফসলি জমি রক্ষার জন্য ঢাকায় গত বুধবার অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনেও ডিসিদের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।
এলাকাবাসী জানায়, খামার বোয়ালি গ্রামের তিন ফসলি প্রায় ছয় একর জমি ইজারা নিয়ে অবৈধ ইটভাটা নির্মাণ করছেন গাইবান্ধা শহরের ডিবি রোডের বিশিষ্ট ব্যবসায়ী আয়ান মিয়া। তিনি প্রশাসনকে ম্যানেজ করে ইটভাটা নির্মাণ করছেন। এ বিষয়ে জানুয়ারি মাসের প্রথম দিকে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও মো. আবদুর রাফিউল আলমের নির্দেশে ১০ জানুয়ারি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ১৬ জানুয়ারির মধ্যে ভাটাটি অপসারণের নির্দেশ দেন। ইটভাটা সরিয়ে ফেলার ওই নির্দেশের সাত দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত ভাটা অপসারণ করা হয়নি।
নির্দেশ দেওয়ার পরও ইটভাটা না সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইটভাটার মালিক আয়ান মিয়া মুঠোফোনে দাবি করেন, প্রশাসন ইটভাটা অপসারণের নির্দেশ দেয়নি। ইটভাটা করার জন্য যাদের জমি ইজারা নেওয়া হয়েছিল, তারা পারিবারিক দ্বন্দ্বের কারণে অভিযোগ দেয়। তাদের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। আয়ান মিয়া বলেন, ভাটা স্থাপনের অনুমতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
ইউএনওর কাছে দেওয়া এলাকাবাসীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এই ভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নেই। নেই জেলা প্রশাসনের অনুমতি। ইটভাটাটি নির্মিত হলে পরিবেশ দূষিত হবে। ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় কেউ বাধা দিতে সাহস পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ইটভাটা থেকে প্রায় ৬০০ মিটার দূরে কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাম প্রকাশ না করার শতে৴ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এটি নির্মিত হলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটবে। পাশাপাশি ইটভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় পরিবেশদূষণের কারণে ওই এলাকার তিন ফসলি জমি, বসতবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হবে।
খামার বোয়ালিগ্রামের শাহজাহান মিয়া বলেন, জনবসতিপূর্ণ এলাকায় ভাটা নির্মিত হলে আবাদি জমি, ফসল ও গাছপালা নষ্ট হবে। ইটভাটা নির্মাণ বন্ধে ইউএনওকে অভিযোগ দেওয়া হয়েছে। একই গ্রামের আবদুস সালাম বলেন, ভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হলে এলাকার অনেক গাছপালার পাতা মরে যাবে। প্রতিবছর ফসলের ক্ষতি হবে।
গাইবান্ধা সদরের ইউএনও আবদুর রাফিউল আলম বলেন, নির্মাণাধীন ইটভাটার চুল্লি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কাজ চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।