অপহরণের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু আরাফাত হোসেন
ছবি: সংগৃহীত

গত শনিবার সকালে নিখোঁজ হয় আরাফাত হোসেন (১১)। ওই দিনই অপরিচিত এক মুঠোফোন থেকে ফোন করে বলা হয়, শিশুটিকে অপহরণ করা হয়েছে। ছাড়িয়ে নিতে লাগবে ১০ লাখ টাকা। ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশের বাঁশবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

নিহত আরাফাত নড়াইলের লোহাগড়ার মাইজপাড়া ইউনিয়নের মোড়ামারা গ্রামের ওবাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত। অপহরণে জড়িত থাকার সন্দেহে আরাফাতের প্রতিবেশী এক কিশোর (১৬) ও মিলন মোল্লাকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের একজনের দেওয়া তথ্যানুযায়ী শিশুটির মরদেহের সন্ধান মেলে।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে আরাফাতকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর সন্ধ্যা সাতটায় অপরিচিত মুঠোফোন থেকে ফোন দিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়, না হলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। একই নম্বর থেকে তিন দিন ধরে ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করা হচ্ছিল। সর্বশেষে তুলারামপুর সেতুর নিচে যেকোনো এক পাশে টাকা রেখে আসতে বলা হয়।

যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার বিকেলে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির এ ব্যাপারে সহযোগিতা চান। গতকাল সারা রাত পিবিআই সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করেন। আজ ভোরে মিলন ও এক কিশোরকে তাঁদের বাড়ি থেকে আটক করা হয়। এরপর কিশোরের দেওয়া তথ্যানুযায়ী শিশুটির বাড়ির পাশের বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রেশমা শারমিন আরও বলেন, আটক কিশোর ও মিলন শিশুটির প্রতিবেশী। ওই কিশোর মাদকাসক্ত। মিলনের সঙ্গে ওই কিশোর পরামর্শ করে যে শিশুটিকে অপহরণ করলে টাকা পাওয়া যাবে। দুজন শিশুটিকে বাড়ির পাশের গাছের কাঁঠাল পাড়ার কথা বলে ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে ওই বাঁশবাগানের মধ্যে শ্বাস রোধ করে হত্যা করেন। পরে ফোনে টাকা দাবি করতে থাকেন।

আরাফাতের বাবা ওবাইদুর রহমান মাইজপাড়া বাজারে মুরগি বিক্রি করেন। দুই ছেলের ছোটটিকে হারিয়ে পরিবারের সদস্যরা হতবিহ্বল হয়ে পড়েছেন। থামছে না স্বজনদের আহাজারি। শিশুটির লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাড়িতে অসংখ্য লোকের ভিড় জমে।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির আজ দুপুরে বলেন, এ ঘটনায় আটক কিশোর ও মিলনের নামে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন শিশুটির বাবা। গেপ্তার ওই দুজন পিবিআইয়ের হেফাজতে আছেন।