অপহরণের দুই সপ্তাহ পর তরুণী উদ্ধার, তরুণ গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তরুণীকে অপহরণের দুই সপ্তাহ পর সাভারের আশুলিয়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
এ ঘটনায় করা মামলায় অপহরণকারী চক্রের হোতা মো. আশিক শেখকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আশিকের বাড়ি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামে।
তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণী (১৮) রাজবাড়ীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আশিক শেখ তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আশিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত ২২ মার্চ সকাল পৌনে ৯টার দিকে তরুণী বাড়ি থেকে বের হন। আশিক শেখ ও তাঁর দুই সহযোগী আলতাফ শেখ (৪০) ও শামীম শেখ (৩৫) তরুণীর পথরোধ করে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তরুণীকে অপহরণের বিষটি জানতে পারে তাঁর পরিবার।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় আশিক শেখ, আলতাফ শেখ ও শামীম শেখকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়া থানা-পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়া এলাকার একটি বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করে। এ সময় আশিকের কাছ থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, কলেজছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আশিককে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর কলেজছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রাজবাড়ী সদর হাসপাতালে।