অপহরণের শিকার শিশুকে হাসপাতালে ‘ধর্ষণের চেষ্টা’
অপহরণের ২০ দিন পর ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স-রে করার সময় হাসপাতালের এক কর্মচারী দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাজশাহী নগরের রাজপাড়া থানায় একটি মামলা করেছেন। রাতেই হাসপাতালের ওই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আনিসুর রহমানের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের ক্লিনার পদে কর্মরত তিনি। মামলার পর রাজপাড়া থানার পুলিশ তাঁকে বাঘা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে বলা হয়, শিশুটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। গত ১১ জানুয়ারি রাতে রাজশাহীর চারঘাটে নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ১৭ জানুয়ারি চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। এরপর পুলিশ ৬ ফেব্রুয়ারি গাজীপুর জেলার কাশিমপুর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় আসামিকেও। অপহৃত থাকার সময় শিশুটি ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়েছে কি না, এ বিষয়ে প্রতিবেদনের জন্য উদ্ধারের দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এর অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে শিশুটির আলটাসনোগ্রাম করা হয়।
এজাহারে আরও বলা হয়, হাসপাতালের ৩ নম্বর এক্স-রে রুমের দরজা বন্ধ করে দিয়ে আনিসুর হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে আনিসুর দ্রুত দরজা খুলে দেন। পরের দিন ৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে শিশুটিকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়িতে আসার পর শিশুটি কেবলই কাঁদছিল। জানতে চাইলে সে তার মা-বাবার কাছে হাসপাতালের ঘটনা খুলে বলে। মেয়ের কাছে এ ঘটনা শোনার পরও পরিবারের লোকজন মানসম্মানের ভয়ে বিষয়টি চেপে যেতে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত পাল্টে রাজশাহী নগরের রাজপাড়া থানায় গত সোমবার মামলা করা হয়।
রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলা হওয়ার পরই আসামিকে বাঘা থেকেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আনিসুর বলেছেন, এক্স-রে করার সময় সহযোগিতা করার জন্য গায়ে হাত দিয়েছিলেন তিনি।
মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর পুলিশ গাজীপুর থেকে আসামিসহ মেয়েটিকে উদ্ধার করে। আসামির নাম আবদুর রশিদ (২৯)। তাঁর বাড়ি রংপুরের হারাগাছা এলাকায়। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটিকে গাজীপুরে নিয়ে একটি ভাড়া বাসায় রাখা হয়েছিল। রশিদ বিবাহিত। সম্প্রতি তাঁর স্ত্রী মারা গেছেন।