অপহৃতকে উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে পুলিশ যুবলীগের নেতার লোকজনের হামলার শিকার হয়েছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুর বাজারে এ ঘটনা ঘটে। 
নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ১০টি মামলার আসামি তৌহিদুর রহমান (৩২) গতকাল সন্ধ্যার দিকে বাসুদেবপুর এলাকার সৌদিপ্রবাসী জহুরুল ইসলামকে নিজ বাড়ি থেকে অপহরণ করে। এরপর নজরুলকে বাসুদেবপুর বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি কক্ষে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। তৌহিদুরের পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানালে নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ও আবদুল হাই ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনাস্থল থেকে জহুরুল ইসলামকে উদ্ধার করেন এবং তৌহিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠান। এ সময় তৌহিদুরের সহযোগী রুবেল হোসেনসহ ২০-৩০ জন তরুণ লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের পিকআপভ্যানটি ভাঙচুর করে। তখন পুলিশ শটগান দিয়ে দুটি ফাঁকা গুলি ছুড়ে আত্মরক্ষা করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে নিয়ে থানায় আসে।
গতকাল রাতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তৌহিদুরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। তাকে থানায় নিয়ে আসার পরপরই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকালের ঘটনায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে।