চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দুটি দরপত্রের মধ্যে একটির প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার দরপত্র দলিল কেনা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ দরপত্র দলিল কেনা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে জানায়, বন্দরের নিউমুরিং টার্মিনালের ২ ও ৩ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বন্দর কর্তৃপক্ষের চিঠি দেওয়ার বিষয়টি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে নিশ্চিত করেন। নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্রে যোগ্যতাসম্পন্ন সব প্রতিষ্ঠান যাতে অংশ নিতে পারে, তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
এ নিয়ে গত ২৩ মে প্রথম আলোয় ‘চট্টগ্রাম বন্দরের দরপত্রে শর্তের বেড়াজাল—অংশ নিতে পারবে শুধু একটি প্রতিষ্ঠান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বন্দরের এই দরপত্র আহ্বান নিয়ে হাইকোর্টে রিট করে কনটেইনার অ্যান্ড টার্মিনাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য আহ্বান করা দুটি দরপত্রের প্রক্রিয়া আগামী তিন মাসের জন্য স্থগিত করেন। রিট আবেদনকারীর পক্ষে ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনজীবী ব্যারিস্টার নাজিম হুদা প্রথম আলোকে এ তথ্য জানান।
হাইকোর্ট দুটি দরপত্রের প্রক্রিয়া স্থগিত করার কথা বললেও বন্দর শুধু একটি দরপত্র স্থগিত করেছে। নিউমুরিং টার্মিনালের ৪ ও ৫ নম্বর জেটিতে অপারেটর নিয়োগের দরপত্র নিয়ে এখনো কোনো পদক্ষেপের কথা জানায়নি বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বক্তব্য জানতে বন্দরের মুখপাত্র ও পরিচালক (প্রশাসন) মো. জাফর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, আদালতের আদেশের কারণে দরপত্র-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এখন বন্দরের পক্ষ থেকে আইনগত প্রক্রিয়া শুরু করা হবে। অপর দরপত্রের প্রক্রিয়া স্থগিতের বিষয়টিও চিঠি দিয়ে জানানো হবে।
বন্দর সূত্র জানায়, কঠিন শর্তের কারণে একটি প্রতিষ্ঠান ছাড়া বন্দরে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলোর এককভাবে অপারেটর নিয়োগের ওই দরপত্রে অংশগ্রহণের সুযোগ ছিল না। এ কারণে দরপত্র আহ্বানকারী সংস্থা বন্দর কর্তৃপক্ষ নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানায়, এই দরপত্রে দুটি শর্তের কারণে গণ খাতে ক্রয়বিধির ব্যত্যয় ঘটবে। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। পরে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে দরপত্রে পাঁচটি সংশোধনী আনা হয়।