অপেক্ষায় ‘জনের হাটে’র মজুর

লকডাউনের কারণে বিভিন্ন জেলা গৃহস্থরা কম আসছেন। শ্রমিকেরা কাজ পাচ্ছেন কম। গাড়ি চলাচল বন্ধ। অনেকে বাড়ি ফিরতে পারছেন না।

কাজের খোঁজে হাটে এসেছে শ্রমজীবী মানুষ। গত শনিবার ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পাশে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক থেকে গলি পেরিয়ে মাটির রাস্তা। কিছুটা এগিয়ে গেলে চোখে পড়ে মানুষের। দ্রুত এগিয়ে এলেন তাঁরা। জানতে চাইলেন, মজুর হিসেবে কাজে নেব কি না। উত্তরটা ‘না’ হওয়ায় তাঁরা সরে যেতে থাকলেন। এটি গত শনিবার দুপুরে ফরিদপুর শহরের একটি হাটের চিত্র।

শহরের গোয়ালচামট মহল্লার ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পাশে পৌরসভার পানি সংশোধনাগারের পূর্ব দিকে বসে ‘মানুষ’ কেনাবেচার এ হাট। স্থানীয়ভাবে এর নাম ‘জনের হাট’। প্রতিদিনই এ হাট বসে। করোনার কঠোর বিধিনিষেধের মধ্যেও নেই বিরতি।

কথা হয় মো. আশরাফুল (৩০) নামের এক যুবকের সঙ্গে। তাঁর বাড়ি লালমনিরহাটে। প্রায় ১২–১৩ বছর ধরে এই জেলায় কাজ করতে আসেন। বাড়িতে তাঁর স্ত্রী–সন্তান রয়েছে। লকডাউনের কারণে বাড়িতে যেতে পারছেন না।

আশরাফুল বলেন, সংসারে অভাব থাকলে জীবন আর জীবন থাকে না। তাই একটু সচ্ছলতার জন্য স্ত্রী–সন্তান ছেড়ে এখানে এসেছেন। গতবার কাজে এসে মুঠোফোন চুরি হয়ে গিয়েছিল। তাই এবার মুঠোফোন আনেননি।

অন্যদের সঙ্গে কথা বলে জানা গেল, হাটে প্রতিদিন সহস্রাধিক শ্রমিক কাজ পাওয়ার জন্য হাজির হন। বেশির ভাগ রংপুর, নওগাঁ, জয়পুরহাট, লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এ ছাড়া আশপাশের জেলা ঝিনাইদহ, চুয়াডাঙা, মেহেরপুরের লোকও আসেন এখানে। এ হাট থেকে ফরিদপুর ছাড়া মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বাগেরহাট এমনকি বরিশালেও শ্রমিক নিয়ে যান গৃহস্থরা। লকডাউনের কারণে গৃহস্থরা কম আসছেন। এ কারণে শ্রমিকেরা কাজ পাচ্ছেন কম। বর্তমানে দিনে ৫০০–৬০০ শ্রমিক কাজ পাচ্ছেন।

মোসলেম ব্যাপারীর (৬২) বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপুর গ্রামে। ঈদে বাড়িতে যাওয়ার ইচ্ছা তাঁর। বাড়িতে স্ত্রী, দুই ছেলে ও ছেলেদের বউ নিয়ে তাঁর সংসার। দুই ছেলে এখন বেকার। একজন ঢাকায় একটি বাসের চালক, আরেকজন সুপারভাইজার। তাই সংসারে হাল ধরতে তাঁর কাজে আসা।

জনের হাটে দিনমজুরেরা আসেন কাজের সন্ধানে। জমির কাজ, ফসল কাটার কাজ, বাড়ির কাজসহ যেকোনো কাজ করেন তাঁরা। কয়েকজন মজুর জানান, নিজ এলাকায় মজুরি কম। তাই এখানে কাজ করতে এসেছেন। প্রতিদিনের চাহিদা ও জোগানের ভিত্তিতে মজুরির দাম ওঠানামা করে। দিনে তিন বেলা খাবারের সঙ্গে ৫০০–৬০০ টাকা পারিশ্রমিক পাওয়া যায়।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ গ্রামের মিজানুর রহমান (৫০) এক মাস ধরে এখানে কাজ করছেন। ইচ্ছা আছে ঈদে বাড়ি যাওয়ার। বাড়িতে স্ত্রী ও ছেলে আছে। ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী। বাড়িতে টাকার দরকার হলে মোবাইল ব্যাংকিং বা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন।

প্রায় ৩০ শতাংশ জমির ওপর হাটটি বসে। হাটেই চারপাশে খাবারের দোকান। এ ছাড়া সেলুন ও কাঁচির দোকানসহ ২৬টি দোকান রয়েছে। হাটটি পরিচালনা করেন শহরের কোদাবক্স রোড এলাকার বাবু শেখ। এখান থেকে যাঁরা শ্রমিক নিয়ে যান, তাঁদের অর্থাৎ গৃহস্থ এবং শ্রমিকদের নাম ও মুঠোফোন নম্বর সংরক্ষণ করেন তিনি। কোনো শ্রমিককে ঠিকমতো টাকা না দিলে তিনি মধ্যস্থতা করেন। এর বিনিময়ে তিনি গৃহস্থের কাছ থেকে প্রতি শ্রমিক ১০ টাকা নেন।

বাবু শেখ বলেন, দুই বছর আগে হাটটি চালু। শুরুর তিন–চার মাস পর দুই ভাই বরকত ও রুবেল (ফরিদপুরের আলোচিত দুই সহোদর সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল) হাটটি বাইপাস এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে সরিয়ে নেন। তাঁরা দুজন গ্রেপ্তার হওয়ার পর গত অক্টোবর থেকে পুনরায় হাটটি শুরু করেন।

হাটের সব শ্রমিকই কাজ পান না। তাঁরা বাস টার্মিনালসহ আশপাশের জায়গায় রাত কাটান। তাঁরা জানান, গত বছর লকডাউনের সময় যাঁরা এ হাটে আটকা পড়েছিলেন, পুলিশসহ এলাকার লোকজন তাঁদের রান্না করা খাবার দিতেন। এ ছাড়া তিনটি বাসে করে শ্রমিকদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হয়েছিল। এবার কেউ তাঁদের খোঁজ নিতে আসেননি।