রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ
অপেক্ষায় পার এক বছর
খুলনার নয়টি পাটকলে কাজ করতেন প্রায় ৩০ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। অধিকাংশই এখন বেকার
আবার মিল চালু হবে, সেই অপেক্ষায়ই খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের কেটে গেছে এক বছর। গত বছরের ২ জুলাই খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর গেটে মিল বন্ধের নোটিশ টানানো হয়। ৩ জুলাই সকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় মিলগুলো।
যখন বন্ধের নোটিশ টানানো হয়, তখনো শ্রমিকেরা জানতেন, বেসরকারি উদ্যোগে মিলগুলো আবার চালু হবে। আগে কাজ করা শ্রমিকেরা সেখানে প্রাধান্য পাবেন। আবাসিক এলাকা ছেড়ে দিলেও সেই আশাতেই খালিশপুর শিল্পাঞ্চলের আশপাশে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন শ্রমিকেরা। তবে এক বছরে মিল চালু না হওয়ায় এখন তাঁরা হতাশ। আদৌ মিল চালু হবে কি না, সেটি নিয়েও তাঁরা এখন সন্দিহান। তবে নিয়মিত মিলের কর্মকর্তা ও সিবিএ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তাঁরা।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নেতারা বলছেন, মিলগুলো ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান মিলগুলো ইজারা নেওয়ার জন্য দরপত্র জমা দিয়েছেন। মিল চালু হলে স্থানীয় শ্রমিকেরা অগ্রাধিকার পাবেন।
খুলনা অঞ্চলে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকল রয়েছে। এর মধ্যে খুলনা নগরের খালিশপুরে চারটি ও ভৈরব নদের অপর পারে দিঘলিয়া উপজেলায় একটি পাটকল আছে। এ ছাড়া ফুলতলার আটরা শিল্প এলাকায় দুটি ও যশোরে দুটি পাটকল রয়েছে। এসব মিলে কাজ করতেন প্রায় ৩০ হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক। ওই শ্রমিকদের অধিকাংশই এখন বেকার।
খালিশপুরের প্লাটিনাম জুবলি জুট মিলের সাবেক শ্রমিক শাহিন চৌধুরী বলেন, ৩০ বছরের বেশি সময় ওই মিলে চাকরি করেছেন। মিল বন্ধ হওয়ার পর পাশেই ঘরভাড়া করে আছেন। অন্য কোনো কাজ করতে না পারায় বর্তমানে বেকার হয়ে বসে আছেন।
শাহিন চৌধুরী বলেন, মিল বন্ধ হওয়ার পর ৩ লাখ ৩৬ হাজার টাকা পেয়েছিলেন তিনি। তা দিয়ে কয়েকটি গরু কিনেছিলেন। বসে থাকতে থাকতে সব টাকা শেষ হয়ে গেছে। এখন সঞ্চয়পত্রের যে ৩ লাখ ৪৯ হাজার টাকা আছে, সে টাকা দিয়েই সংসার চলছে। কবে মিল চালু হবে, সেই চিন্তা করছেন। মিল এলাকায় গিয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
ক্রিসেন্ট জুট মিলের সর্বশেষ সিবিএ সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন আজাদী বলেন, খালিশপুর শিল্পাঞ্চলে ২০ থেকে ৩০ হাজার শ্রমিক কাজ করতেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর প্রায় সবাই বেকার হয়ে গেছেন। ওই শ্রমিকেরা অন্য কোনো কাজও করতে পারেন না। প্রায় সবাই পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে গেছেন। তবে নিয়মিত খোঁজ রাখছেন।
হেমায়েত উদ্দিন আজাদী আরও বলেন, শ্রমিকেরা চান আবার মিল চালু হোক। তবে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বা ইজারা দিয়ে নয়, বরং সরকারি ব্যবস্থাপনায় চালু হলে এখন মিল লাভজনক হবে।
পাটকল চালুসহ ১৪ দফা দাবিতে এক বছর ধরে আন্দোলন করে আসছে ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’ নামের একটি সংগঠন। ওই সংগঠনের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, মিলগুলোতে প্রচুর সম্পদ রয়েছে। রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। মিলগুলো ইজারা বা পিপিপির ভিত্তিতে ছেড়ে দেওয়া হলে ওই সম্পদগুলো নষ্ট হয়ে যাবে। এর আগে যেসব সরকারি প্রতিষ্ঠান বেসরকারি ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া হয়েছে, তাতে দেখা গেছে, শুধু রাষ্ট্রের সম্পদই লুণ্ঠিত হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি।
মিল চালুর ব্যাপারে বিজেএমসির মহাব্যবস্থাপক ও খুলনা আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রাব্বানী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। অনেক দরপত্র জমাও পড়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।