বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিষয়ে যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার শিশু আদালতের বিচারক হাফিজুর রহমানের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এর আগে কারাগারের শিশু ওয়ার্ড থেকে ছয় আসামিকে ও জামিনে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিষয়ে আজ রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। আগামী বুধবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। চলতি বছরের ৮ জানুয়ারি শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকাকে অভিযুক্ত করে গত বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি রয়েছেন।
এদিকে রিফাত শরীফ হত্যা মামলায় গত ৩০ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে স্ত্রী আয়শা সিদ্দিকাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এই মামলায় অন্য চার আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের বেকসুর খালাস দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে বরগুনা জেলা কারাগারে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘বাদীর মামলা আদালতে উপস্থাপন করা হয়েছে। আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি পর্যালোচনা করা হয়েছে। আশা করি এ মামলায় আমরা ন্যায়বিচার পাব।’
গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী আয়শার সামনে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে প্রধান সাক্ষী করা হয় আয়শাকে। তবে পরে অভিযোগপত্রে আয়শাকে আসামি করা হয়।