অবরোধ, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে অপহৃত আওয়ামী লীগের নেতা মংপু মারমার খোঁজ মেলেনি এখনো। এদিকে অপহরণের ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে।
অপহৃত নেতাকে উদ্ধারের দাবিতে গতকাল আওয়ামী লীগ জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম জাহাঙ্গীর জানান, মংপু মারমা উদ্ধার না হওয়া পর্যন্ত বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচিতে টানা অবরোধ চলবে। তিনি জানান, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি থেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটি সড়কসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নেন। তাঁরা বান্দরবান প্রেসক্লাবসংলগ্ন ট্রাফিক চত্বরে টায়ার পুড়িয়ে বিক্ষোভ চালান।
গত শুক্রবার রাতে জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে জামছড়িপাড়া থেকে রাজবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মংপু মারমাকে অপহরণ করে অস্ত্রধারী ব্যক্তিরা। আওয়ামী লীগের অভিযোগ, জেএসএসের সদস্যরা তাঁকে অপহরণ করেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, অপহরণের ঘটনায় জেএসএসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা, জেলা জেএসএসের সভাপতি উচ্ছোমং মারমা, সাধারণ সম্পাদক রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমাসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুমা বড়ুয়া জানান, এ ঘটনায় বান্দরবান সদর উপজেলা জেএসএসের সভাপতি উচসিং মারমাকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএসএসের কেন্দ্রীয় কমিটির কৃষি ও ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক বলেন, অপহরণের ঘটনার আগে থেকে কে এস মং মারমা ও সাধুরাম ত্রিপুরা সরকারি কাজে ঢাকায় আছেন। তিনি বলেন, আওয়ামী লীগের কিছু নেতা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপহরণের ঘটনায় জেএসএসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন।