অবশিষ্ট ধানও তলিয়ে গেল

হবিগঞ্জে গত দুই দিনের ভারী বৃষ্টিতে প্রায় ৩৫ হাজার হেক্টরের পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। একইভাবে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় চার হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টি ও পাহাড়ি ঢলে। পানিতে পাকা বোরো ধান নষ্ট হয়ে গেছে।
গতকাল শনিবার বানিয়াচং উপজেলার কুমড়ী, দুর্গাপুর, বিথঙ্গল, মকার হাওর ঘুরে দেখা গেছে, ভাটি এলাকার ফসলি জমির তিন থেকে চার ফুট ওপর দিয়ে পানি থইথই করছে। কৃষকেরা যে যাঁর মতো করে ডুবে যাওয়া ধান কাটার চেষ্টা করছেন। কৃষকেরা বলছেন, শুধু বৃষ্টির পানি নয়, পাশের কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় এ অবস্থা দাঁড়িয়েছে। আরও দু-এক দিন গেলে এই পাকা ধানে পচন ধরবে।
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলা ভাটি এলাকা। এই এলাকার কৃষকেরা এক ফসলি বোরো ধানের ওপর নির্ভরশীল। চলতি বছর ১ লাখ ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। প্রথম দফায় হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এবং আজমিরীগঞ্জ উপজেলার মাতাবপুর ও ঝিংড়ি নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পাঁচ উপজেলার ৩৫ হেক্টরের আধা কাঁচা ধান নষ্ট হয়। অবশিষ্ট ধান গত দুই দিনের প্রবল বৃষ্টির কারণে ডুবে গেছে। এবারও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সমান।
দুর্গাপুরের কৃষক আলী হোসেন বলেন, এবার সব পাকা ধান ডুবে গেছে। আর এক সপ্তাহ সময় পেলে তাঁরা ধান ঘরে তুলতে পারতেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান বলেন, গতকাল পর্যন্ত এই জেলার ২৫ ভাগ ধান কাটা সম্ভব হয়েছে। প্রতিদিন বৃষ্টির পানি বাড়ছে। এভাবে পানি বাড়লে ধান আর কাটা যাবে না।
মার্চের শেষে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জে অধিকাংশ হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে। অবশিষ্ট যেসব হাওরে বোরোখেত জেগে ছিল, গত দুই দিনের বৃষ্টিতে তাও তলিয়ে গেছে। ইটনা উপজেলার সবচেয়ে উঁচু জমি হিসেবে পরিচিত দক্ষিণের হাওর। এর অবস্থান ইটনা সদর বাজারের কাছে। সর্বশেষ সেখানকার প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমির ধানও পানির নিচে। গতকাল উপজেলার বাদলা ইউনিয়নের নাটুরি ও সিজলীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২ হাজার ৭০০ হেক্টর জমির ধান। প্লাবিত হয়েছে তানেশ্বর, বর্শিকুড়া, শিমলা ও রাইটুটি এলাকার কয়েক হাজার কৃষকের জমি।
উপজেলার কৃষি কর্মকর্তা মো. জামাল উদ্দিন বলেন, উপজেলায় সাড়ে ২৪ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। মোট আবাদের ৯০ শতাংশ ধান নষ্ট হয়ে গেছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি কৃষক, অর্থাৎ এই উপজেলার ৩১ হাজার ২৬৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি মহারশি নদীর রামেরকুড়া এলাকার বেড়িবাঁধ দিয়ে ঝিনাইগাতী বাজারে ঢুকে পড়ে। এতে বাজারে অবস্থিত ডাকঘর, সাবরেজিস্ট্রার, নলকুড়া ভূমি কার্যালয় ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এলাকা প্লাবিত হয়। এটা চলতি মৌসুমের প্রথম পাহাড়ি ঢল।
উপজেলার সুরিহারা, বনগাঁও, চতল, বাগেরভিটা, আয়নাপুর, ফাকরাবাদ, দড়িকালিনগর, সারিকালিনগর, পাগলারমুখ, বগাডুবি, বালিয়াচণ্ডী, বালিয়াগাঁওসহ ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিপুলসংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী গতকাল বলেন, প্রাথমিক হিসাবে উপজেলার এক হাজার হেক্টর জমির বোরো ফসল ঢলের পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এর পরিমাণ আরও বাড়বে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেন, বোরো ধান তাঁদের প্রধান ফসল। এই ফসল দিয়েই তাঁদের সংসার চলে। ঢলের পানিতে ধান নষ্ট হয়ে যাওয়ায় এখন কীভাবে সংসার চলবে, এ নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন বলেন, সকাল ১০টার পর থেকে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। পানি নিম্নাঞ্চলে নামছে। বোরোর পাশাপাশি বিভিন্ন এলাকার পুকুরের মাছও ভেসে গেছে।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন হবিগঞ্জ, শেরপুর ও কিশোরগঞ্জ প্রতিনিধি)