অবশেষে ‘জীবিত’ হলেন নেত্রকোনার আবদুল মৌলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মৌলু
ছবি: সংগৃহীত

বাস্তবে জীবিত হলেও কাগজপত্রে তিনি ‘মৃত’। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের তথ্যে মো. আবদুল মৌলু (৬০) নামের এক ব্যক্তিকে মৃত দেখানো হয়েছিল। এ কারণে তিনি করোনার টিকা নিতে পারেননি। এ ছাড়া সরকারের দেওয়া নানা সুযোগ-সুবিধা থেকেও তিনি বঞ্চিত হচ্ছিলেন।

গত পৌরসভা নির্বাচনে আবদুল মৌলু জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি ‘মৃত’। নিজেকে জীবিত প্রমাণ দিয়ে তিনি সংশোধনের জন্য গত বছরের জুলাই মাসে আবেদন করেন। কিন্তু বারবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েও কোনো কাজ হচ্ছিল না। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘জীবিত থেকেও তিনি মৃত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন তাঁর জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়।

আবদুল মৌলুর বাড়ি নেত্রকোনার মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরপুর এলাকায়। তাঁর বাবার নাম মো. দুলো মিয়া। মা জমশেদা খাতুন। আবদুরের জন্ম ১৯৬২ সালের ১৮ জুলাই। তিনি পেশায় করাতকলের (স মিল) শ্রমিক। দুই স্ত্রী, পাঁচ মেয়ে ও চার ছেলে নিয়ে তাঁর সংসার।

আবদুল মৌলুর বিষয়টি জানতে চাইলে মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হামিদ ইকবাল বলেন, তথ্য সংগ্রহের সময় ভুল হলে মূলত এ সমস্যা হয়ে থাকে। তবে আবদুর মৌলুর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

আজ সোমবার বিকেলে আবদুর মৌলু মুঠোফোনে বলেন, ‘আমার জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করা হয়েছে। মৃত লেখা থেকে এখন জীবিত লেখায় আমি খুশি।’

আরও পড়ুন