গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলায় ঘটনার দিন থেকে প্রধান আসামি মাসুদ রানা কারাগারে থাকলেও নানা ঘটনায় অপর দুই আসামি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসে অবশেষে হাতকড়া পড়ল তাঁদের হাতে। জামিন নামঞ্জুর করে আসামি দুজনকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার তিন আসামির সবাই কারাবন্দী হলেন।
ঘটনার পর থেকে পলাতক আসামি রুমেল হক গত রোববার গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আশিকুল খবির জামিন আবেদন নামঞ্জুর করে রুমেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন সোমবার একই আদালতে অপর আসামি খলিলুর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাঁকেও কারাগারে পাঠান বিচারক।
আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা আদালতের সহকারী উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র। তিনি বলেন, আসামি রুমেল হক পলাতক ছিলেন। খলিলুর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। খলিলুরের জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে আত্মসমর্পণ করে আবার জামিনের আবেদন করেন। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, গত বছরের ১০ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর এলাকার আওয়ামী লীগ নেতা মাসুদ রানার (৪২) বাসা থেকে ব্যবসায়ী হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার প্রায় দুই বছর আগে রানার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন শহরের স্টেশন রোডের জুতা ব্যবসায়ী হাসান। এই টাকা সুদ–আসলে ১৯ লাখে দাঁড়ায়। সুদের টাকা দিতে না পারায় গত বছরের ৬ মার্চ লালমনিরহাট থেকে হাসানকে মোটরসাইকেলে তুলে এনে নিজ বাসায় এক মাসের বেশি আটকে রাখেন মাসুদ রানা।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বীথি বেগম বাদী হয়ে সদর থানায় মাসুদসহ তিনজনকে আসামি করে মামলা করেন। অপর দুই আসামি হলেন রুমেল হক ও খলিলুর রহমান। এ দুজনের সঙ্গে নিহত হাসানের ব্যবসায়িক সম্পর্ক ছিল। শুরুতেই মাসুদ গ্রেপ্তার হলেও অপর দুজন ছিলেন পলাতক।
ঘটনার ৯ মাস ৬ দিন পর চলতি বছরের ১৬ জানুয়ারি মাসুদ, খলিলুরসহ দুজনের বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামানের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জানুয়ারি তিনি সুন্দরগঞ্জের ওসি হিসেবে বদলি হন।
এর মধ্যে তৌহিদুজ্জামানের সঙ্গে মামলার এই দুই আসামির স্বজনের ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়। মামলার অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া ও আইনের ধারা কমিয়ে দিতে টাকা লেনদেনের কথাবার্তা হয়। কথামতো কাজ না হওয়ায় টাকা ফেরত দেওয়ার বিষয়ও ফোনালাপে ছিল। পাঁচ দফায় তাঁদের মধ্যে প্রায় ১৭ মিনিট ফোনালাপ হয়। ফোনালাপটি গণমাধ্যমে প্রচারিত হলে সেটি বেশ আলোচনার জন্ম দেয়।
ফেব্রুয়ারির শেষের দিকে অভিযোগপত্রটি সংশোধনের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে ফেরত পাঠানো হয়। পরে ৭ মার্চ মাসুদ রানাসহ তিন আসামিকেই অভিযুক্ত করে আদালতে সংশোধিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। আর ফোনালাপের জের ধরে ১৫ মার্চ সুন্দরগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামানকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনসে পাঠানো হয়।