চাকরি থেকে ১৩ ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। এ সময় অভিজ্ঞতা অর্জনে আজ সোমবার এক সপ্তাহের বিদেশ সফরে যেতে হচ্ছে তাঁকে। অঙ্কের হিসাবে এ সফর শেষে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ হাতে আছে তিন দিন।
অতীব গুরুত্বপূর্ণ এ সফর অভিমুখী নেতা হলেন মমতাজ উদ্দিন। তিনি চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি। তাঁর সঙ্গে সফরে যাচ্ছেন আরও দুই নেতা। আছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন ও বন্দরের দুই কর্মকর্তা মিলে আরও তিনজন। সফরের ব্যয়ভার বহন করবে বন্দর কর্তৃপক্ষ। সফরে চীনের তিয়ানজিন ও দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর পরিদর্শন করবেন তাঁরা।
বন্দর সূত্রে জানা গেছে, সফর বাবদ সংশ্লিষ্ট ব্যক্তিরা বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে এরই মধ্যে প্রায় সাড়ে ১৯ লাখ টাকাও তুলেছেন।
অবসরে যাওয়ার মাত্র কয়েক দিন আগে সিবিএ সভাপতির এ বিদেশ সফর নিয়ে বন্দরে চলছে নানা আলোচনা-সমালোচনা। কারণ, এর আগে ২০১২ সালে একটি দলের সঙ্গে বিদেশ সফরে যাওয়ার কথা ছিল একই পরিষদের কার্যকরী সভাপতি এ কে এম আলাউদ্দিনের। কিন্তু চাকরির মেয়াদ ছয় মাসের কম থাকায় শেষ পর্যন্ত মন্ত্রণালয় থেকে তাঁর সফরের অনুমতি মেলেনি।
এ কে এম আলাউদ্দিন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সে সময় মন্ত্রণালয়ের সচিব আমাদের জানিয়েছিলেন, বিদেশ সফরে যাওয়ার আগে চাকরির মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে। তখন আমার চাকরির মেয়াদ ছিল চার মাস। সচিবের সঙ্গে সাক্ষাতের সময় বর্তমান সভাপতি মমতাজ উদ্দিনও ছিলেন।’
বর্তমান সভাপতির এ সফর সম্পর্কে জানতে চাইলে বন্দর বোর্ডের সদস্য মো. নজরুল ইসলাম বলেন, ‘ছয় মাসের কম সময় চাকরি থাকলে বিদেশ যেতে পারবে কি না, সে বিষয়ে আইনে সুস্পষ্টভাবে বলা নেই।’
বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের অনিয়মের বিরুদ্ধে সম্প্রতি নগর আওয়ামী লীগের সভাপতি ও বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শুরু করা আন্দোলনকে ঘিরে বন্দর কর্মচারী পরিষদের তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি পক্ষে আছেন বর্তমান সভাপতি মমতাজ উদ্দিন। তিনি এ আন্দোলন থেকে সরে এসেছেন। বন্দর চেয়ারম্যান ও নৌপরিবহনমন্ত্রীর সমর্থক হিসেবে পরিচিতি আছে তাঁর। অভিযোগ উঠেছে, আন্দোলন থেকে সরে আসা ও নৌমন্ত্রীর আশীর্বাদপুষ্ট হওয়ার কারণেই এ বিদেশ সফরের সুযোগ পাচ্ছেন তিনি।
মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান ও মন্ত্রীর বিরুদ্ধে গেলে তো দাবিদাওয়া আদায় করতে পারব না। ১৩ ডিসেম্বর অবসরে গেলেও বিদেশ সফরের অভিজ্ঞতা বন্দরের কাজে লাগাতে পারব। কারণ, আমি পরিষদের সভাপতি হিসেবে উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আছি।’
সফরসঙ্গীর তালিকায় থাকা অন্য দুই নেতা হলেন বন্দর কর্মচারী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী ও আইনবিষয়ক সম্পাদক মো. মোকাররম হোসেন।