অবহেলিত জনপদে আলোর ছটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি। চাঁপাইনবাবগঞ্জের এই বিদ্যালয়ের ৬০ শতাংশ শিক্ষার্থীই মেয়ে l ছবি: প্রথম আলো
চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি। চাঁপাইনবাবগঞ্জের এই বিদ্যালয়ের ৬০ শতাংশ শিক্ষার্থীই মেয়ে l ছবি: প্রথম আলো

এলাকার নাম চরমোহনপুর। তবে দূরের চর এলাকার জনপদ নয় এটি। ১১৪ বছরের পুরোনো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার একটি এলাকা। দেড় যুগ আগেও এলাকাটিতে ছিল না একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রদীপের নিচে অন্ধকার সেই চরমোহনপুরে দেড় যুগ আগে স্থাপিত হলো চরমোহনপুর উচ্চবিদ্যালয়। নিবেদিতপ্রাণ একদল শিক্ষক, উন্নত ব্যবস্থাপনা কমিটির কল্যাণে সেই স্কুলটি বাতিঘর হয়ে এখন শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে। পিছিয়ে থাকা একটি জনপদকে একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে নিতে পারে, চরমোহনপুর উচ্চবিদ্যালয় তারই উদাহরণ।
চরমোহনপুরের জনসংখ্যা প্রায় ২০ হাজার। পৌরসভার বয়স যখন ১০১, অর্থাৎ ২০০৪ সালে চরমোহনপুরে বিদ্যুৎ আসে। বিদ্যুতের আলোবিহীন শুধু নয়, শিক্ষার আলো থেকেও পিছিয়ে ছিল চরমোহনপুর। কাছের মাধ্যমিক স্কুলটিও ছিল চার কিলোমিটার দূরে। দূরের চর এলাকার মতোই। ১০-১৫ বছর আগেও কলেজপড়ুয়া ছেলের সংখ্যা ছিল হাতে গোনা। বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে খুঁজে পাওয়া যেত না। মেয়েদের মধ্যে শিক্ষার দশা ছিল বড়ই করুণ। বাল্যবিবাহের চিত্র ছিল ভয়াবহ আকারে। ছেলেদের বিয়েও হয়ে যেত ১৬-১৭ বছরে।
এলাকার এই পিছিয়ে পড়া পীড়া দিত রফিকুল ইসলামকে। তখন তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতকোত্তর পাস করে এসেছেন। ভাবলেন, শিক্ষায় এগিয়ে নেবেন এলাকাকে। এ জন্য দরকার একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ নিয়ে কথা বললেন এলাকার কয়েকজন যুবকের সঙ্গে। কিন্তু এ দরিদ্র জনপদে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করবে কে? স্থানীয় একজনের পরামর্শে ওঁরা গেলেন চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবী শফিকুল আলম ওরফে ভোতা ভাইয়ের কাছে। তিনি তাৎক্ষণিকভাবে দিলেন ১৫ হাজার টাকা। তাঁকে প্রতিষ্ঠাতা সভাপতি করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হলো।
১৯৯৬ সালে রাস্তার ধারে নিচু ৪৮ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হলো চরমোহনপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়। কক্ষের সংখ্যা ছিল তিনটি। ১৯৯৭ সালে শিক্ষা বিভাগের স্বীকৃতির পর ১৯৯৯ সালে এমপিওভুক্ত হলো স্কুলটি। ২০০০ সালে দশম শ্রেণি খোলা হয়। ২০০১ সালে স্কুলটি থেকে এসএসসি পরীক্ষা দেয় ২০ জন। এ বছর শিক্ষার্থীর সংখ্যা ৭৯৩ জন। এর মধ্যে মেয়েদের সংখ্যা ৪৮৭ জন। গত দুই বছর ধরে শতভাগ পাস করছে এসএসসি পরীক্ষায়। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
এ বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীই এখন দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন। বিদ্যালয়ের অদম্য মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ফারুক হোসেন বলেন, ‘বিদ্যালয়টি না থাকলে আমার লেখাপড়াই হতো না। বাবার সঙ্গে নৌকায় করে মাছ ধরে বেড়াতে হতো।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরিপে চরমোহনপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় ‘এ’ গ্রেডের বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে এ বছর। এই স্কুলটিসহ জেলা সদরের ছয়টি স্কুল ‘এ’ গ্রেড পেয়েছে। তিনি বলেন, ব্যবস্থাপনা ভালো থাকলে একটা স্কুল যে কত ভালো হয়, এটি এর এক উদাহরণ।
তিনটি কাঁচা ঘরে শুরু হয়েছিল বিদ্যালয়। এখন বিদ্যালয়ের ১৫টি পাকা কক্ষ। স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলছিলেন, ‘স্কুলের জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪০ শতকে। বিদ্যালয়ের এ উন্নতির পেছনে শফিকুল আলমের অবদান সবচেয়ে বেশি।’
এলাকার স্থানীয় মানুষের সহযোগিতা, জেলা পরিষদের মাধ্যমে সরকারি সহায়তা আর শিক্ষার্থীদের বেতন থেকে পাওয়া অর্থের সঞ্চয় দিয়ে দিনে দিনে গড়ে উঠেছে আজকের চরমোহনপুর উচ্চবিদ্যালয়।
বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে সহযোগিতার দুই হাত বাড়িয়েছিলেন শফিকুল ইসলাম। এখন তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বললেন, এ ক্ষেত্রে আশপাশের গ্রামের মানুষের সহযোগিতাই মুখ্য।
বিদ্যালয় সূত্র এবং স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ সদস্যের পরিচালনা কমিটির সদস্য এলাকাবাসীর সঙ্গে মিলে বছরের বিভিন্ন সময়ে অর্থ সহযোগিতা চাইতে গ্রামে গ্রামে যান। গত বছর নয়টি মসজিদে জুমার দিনে গিয়ে ৮৭ হাজার টাকা পাওয়া যায়। সংগৃহীত অর্থের ব্যয়ের জন্য কমিটি করে দেয় পরিচালনা কমিটি।
সেখানে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অবশ্যই থাকেন স্থানীয় মানুষ।
চরমোহনপুর দক্ষিণপাড়ার বাসিন্দা মো. খায়রুল বিশ্বাসও নিজে সহযোগিতার পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে তহবিল সংগ্রহে থেকেছেন। তিনি বললেন, গ্রামের মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন। কেন করবে না, সবাই তো পরিবর্তনটা দেখেছে।
শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, বিজ্ঞান চর্চা ও বই পড়াকে জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই স্কুলে। গত বছর জেলা পর্যায়ের বিজ্ঞান মেলায় চরমোহনপুর উচ্চবিদ্যালয় দ্বিতীয় স্থান পায়, এবার হয়েছে প্রথম। একটি ল্যাবরেটরি, খেলার মাঠ তৈরির চেষ্টায় আছে স্কুল কর্তৃপক্ষ।
চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের ১৮ বছরে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ৬০ শতাংশই মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর চরমোহনপুরের বাসিন্দা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এগিয়েছে চরমোহনপুরের সমাজ। এখন ছেলেদের চেয়ে বিদ্যালয়ে মেয়েদের সংখ্যাই বেশি। বিদ্যালয়টি না থাকলে এদের সিংহভাগেরই বিয়ে হয়ে যেত।
শফিকুল ইসলাম বলছিলেন, ‘অনেকেই অর্থের বিনিময়ে এই স্কুলের শিক্ষক হতে চেয়েছে। কারও সঙ্গে কোনো আপস করিনি। তাই এই স্কুলটি আজ দাঁড়িয়ে গেছে। একে নিয়ে আরও অনেক বড় স্বপ্ন আছে।’