অবহেলিত নূর হোসেন চত্বর

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের নামানুসারে গুলিস্তানের জিরো পয়েন্টের নাম হয় ‘নূর হোসেন চত্বর’। কিন্তু ২৯ বছরেও সেই চত্বরে কোনো স্মৃতিফলক স্থাপন করা হয়নি। অযত্ন-অবহেলায় চত্বরের নামটি পর্যন্ত প্রায়ই ঢেকে যায় ব্যানারে।
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক’ লিখে ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নেন নূর হোসেন। গণমিছিলের একপর্যায়ে গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। নূর হোসেনের আত্মত্যাগে আন্দোলন আরও জোরালো হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার সরকারের পতন ঘটে। জিরো পয়েন্টের নামকরণ করা হয় নূর হোসেন চত্বর।
সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নূর হোসেন চত্বরে কোনো স্মৃতিফলক স্থাপন করা হয়নি। নূর হোসেন বা তাঁর আত্মত্যাগ সম্পর্কে কিছুই লেখা নেই কোথাও।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চত্বরের গায়ে নানা আকারের ১৩টি ব্যানার ঝুলছে। এগুলোর মধ্যে ৭টি ব্যানার নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন থেকে টাঙানো। বাকিগুলো ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মসূচির ব্যানার। চত্বরের চারটি পিলারে নূর হোসেনের নাম লেখা। কিন্তু তিনদিকে ব্যানারের আড়ালে ঢেকে গেছে সেই নাম। লাল রঙের চত্বরটির গায়ে নূর হোসেনের নামের চাইতে জিরো পয়েন্ট থেকে বিভিন্ন জেলার দূরত্বের হিসাবই বেশি দৃশ্যমান। আশপাশের লোকজনের কথা বলে জানা গেল, সাধারণ মানুষও এ চত্বরটি জিরো পয়েন্ট চত্বর হিসেবেই চেনেন।
এ বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, ‘যেই সরকারে নূর হোসেনের হত্যাকারীরা মন্ত্রী হয়ে আছেন, গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করছেন তাঁদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।’
নূর হোসেন চত্বরে স্মৃতিফলক স্থাপন ও এই স্থানকে যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল বলেন, এ বিষয়ে তাঁদের কোনো পরিকল্পনা নেই। চত্বরের রক্ষণাবেক্ষণ সম্পর্কে অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা সানাউল হক বলেন, চত্বর থেকে ব্যানার-পোস্টার সরিয়ে তা পরিষ্কার রাখতে নিয়মিত কাজ করা হয়। এ বিষয়ে বর্জ্য বিভাগকে বলা আছে।
যুবলীগ কর্মী নূর হোসেনের স্মৃতি রক্ষায় সংগঠনের ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বিষয়টি তাঁরা ভেবে দেখবেন।