অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরকখোলা গ্রামের মোহাম্মদপুর মোস্তাকের মোড় দিয়ে যাওয়া বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানির সরবরাহ লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়া একটি পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল বুধবার স্থানীয় পুলিশের সহায়তায় কোম্পানির লোকজন সংযোগটি বিচ্ছিন্ন করেন। পাইপটি দিয়ে সংলগ্ন এলাকার শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার তোড়জোড় চলছিল।
বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা যায়, ওই মোড় দিয়ে যাওয়া গ্যাস সরবরাহের মূল সংযোগ থেকে দুষ্কৃতকারীরা গোপনে প্রায় শতাধিক বাড়িতে গ্যাস সরবরাহ দিতে দুই ইঞ্চি ব্যাসের একটি পাইপ বসিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষ গতকাল সকালে সংযোগটি বিচ্ছিন্ন করে।
দাউদকান্দি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, কিছু অসৎ ঠিকাদার স্থানীয়দের গ্যাস-সংযোগের প্রলোভন দেখিয়ে টাকার বিনিময়ে অবৈধ এ সংযোগ নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।